Udayan Guha

পুলিশের ঘেরাটোপে দিনহাটা থানায় উদয়ন গুহ

রাজ্য জেলা

অমিত কুমার দেবঃ কোচবিহার

বৃহস্পতিবার ভোরে সড়কপথে দিনহাটা থানায় নিয়ে আসা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহকে। আজই তাকে আদালতে পেশ করবে পুলিশ বলে জানা গেছে।
বুধবার কলকাতা ফুলবাগান এলাকার পার্বতী রেসিডেন্সি থেকে গ্রেপ্তার করা হয় এই কুখ্যাত তৃণমূল নেতাকে। প্রথমে নিউটাউনের বাড়িতে উদয়ন গুহর খোঁজ করে পুলিশ। সেখানে না পেয়ে যায় ফুলবাগানে। এখানেই সন্ধান মেলে তার। গত এক মাসে একের পর এক গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা। ভোটে ভরাডুবির পরই এলাকা ছাড়া ছিলেন এই দাপুটে নেতা।
রতন বর্মন খুন মামলা, দিনহাটা মহকুমা শাসকের দপ্তর ঘেরাও অভিযানে ৫জনের মৃত্যু, বীজ কেলেঙ্কারি, দিনহাটা পুরসভার আর্থিক কেলেঙ্কারি অর্থাৎ আবাস যোজনার নামে পৌর নাগরিকদের কাছে পৌরসভার উন্নয়নের তহবিলের নাম করে ২০হাজার টাকা করে নেওয়ার অভিযোগ, এক ভাওয়াইয়া শিল্পীকে প্রাণনাশের হুমকি এবং সর্বোপরি দিনহাটা মহকুমা হাসপাতালে চাইল্ড কেয়ার এর নামে সীমাহীন কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা উদয়ন গুহের বিরুদ্ধে। তৃণমূল সরকারের আমলে বিরোধীদের ওপর হামলা, সন্ত্রাসের একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
  ফুলবাগান থানার সহযোগিতায় কোচবিহার জেলা পুলিশ বুধবার  সকালে গ্রেপ্তার করে উদয়ন গুহকে। পুলিশের কাছে নির্দিষ্টভাবে তথ্য ছিল যে উদয়ন গুহ ফুলবাগানের বাড়িতে রয়েছেন। কোচবিহার জেলা পুলিশের দল কলকাতায় এসে প্রথমে নিউটাউনের বাড়িতে তাঁর খোঁজ করে। সেখানে না পেয়ে আসে ফুলবাগানে। ফুলবাগানের পার্বতী রেসিডেন্সি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তারির পরে প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জেরার পরে তাঁকে নিয়ে বুধবার দুপুরেই সড়কপথে কোচবিহারের উদ্দেশে রওনা দেয় জেলা পুলিশ। প্রায় ১মাস ১৪দিন পর পুলিশের ঘেরাটোপে নিজের শহরে ফিরলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ।

Comments :0

Login to leave a comment