বিহারে ছাত্র বিক্ষোভ চলাকালীন পুলিশের এক কনস্টেবলের হাতে একে-৪৭ রাইফেল ব্যবহারের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ২৫ জুলাই শিওয়ান জেলায় সংঘটিত ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে বিহার পুলিশ।
রাজ্যজুড়ে ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে একাধিক জেলায় বিক্ষোভ মিছিল হয়। বেশ কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও সামনে আসে। এর মধ্যেই শিওয়ানের ভাইরাল ভিডিওতে এক পুলিশকর্মীকে একে-৪৭ থেকে গুলি চালাতে দেখা যাচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিহার পুলিশ সদর দপ্তর বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় এবং অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করে।
এই ঘটনায় গুলিবিদ্ধ তিনজন বিক্ষোভকারী বর্তমানে পাটনার জয়প্রভা মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে রয়েছেন ১৫ বছরের মহম্মদ আরিফ। পরিবারের দাবি, তিনি একটি স্থানীয় দোকানে কাজ করতেন। বিহার বন্ধ-এর দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় অশান্তির মধ্যে তার গলায় গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব ঘটনার তীব্র নিন্দা করে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ঘটনার একটি ভিডিওও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে এক পুলিশকর্মীকে ছাত্রদের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে সরব হন। তার দাবি, দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহারের অভিযোগের পর এবার বিহারে একে-৪৭ ব্যবহারের ঘটনা একই ধরনের দমনমূলক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর প্রধান দায়িত্ব। তবে নির্ধারিত বিধি লঙ্ঘনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে খতিয়ে দেখা হবে, আগ্নেয়াস্ত্রের ব্যবহার পুলিশের নির্ধারিত প্রোটোকল মেনে করা হয়েছিল কি না এবং প্রয়োজনে আরও বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিহার বন্ধ কর্মসূচির অংশ হিসেবে বিপুল সংখ্যক ছাত্র শহরে মিছিল করে গান্ধী ময়দানের দিকে এগোচ্ছিলেন। স্লোগান দিতে দিতে এগোনোর সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।
Bihar
বিহার ছাত্র বিক্ষোভে একে-৪৭ ব্যবহারের অভিযোগ, ভাইরাল ভিডিওর জেরে সাসপেন্ড পুলিশকর্মী
×
Comments :0