BJP

ব্রিগেডে শপথ নেবে বিজেপি মন্ত্রিসভা

রাজ্য

শনিবার ব্রিগেডে শপথ নেবে বিজেপি মন্ত্রিসভা। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন ৯ মে শনিবার সকাল ১০টায় ব্রিগেডে শপথ নেবে বিজেপি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নিতিন নবীন সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা সেদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে নবান্ন নয় মহাকরণ থেকে তারা সরকার পরিচালনা করবে। সেই মতো চলছে মহাকরণ ঠিক করার কাজ।

সূত্রের খবর বিধানসভার অধ্যক্ষ হিসাবে দেখা যেতে পারে মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়কে। তৃণমূল ছেড়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তাপস রায়।
উল্লেখ্য শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে থাকেন অমিত শাহ। সেখান থেকেই ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারি সহ একাধিক নাম নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে শুভেন্দু দাবি করেছেন তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকে লড়ে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারি। দশ দিনের মধ্যে যে কোন একটি আসন থেকে তাকে পদত্যাগ করতে হবে। কোন আসন থেকে তিনি পদত্যাগ করবেন তা কেন্দ্রীয় সিদ্ধান্ত ঠিক করবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারি।
অন্যদিকে এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নবান্নে যান মুখ্যসচিবের সাথে দেখা করার জন্য। তিনি জানান, বিজেপির নাম করে ফলাফলের পর তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে কিছু ব্যাক্তি বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করেন। তিনি আরও জানান এর সাথে বিজেপির কোন নেতা যুক্ত থাকলে তার বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই কথাও বলা হয়েছে।

Comments :0

Login to leave a comment