মঙ্গলবার ফের বিডিওর দরবারে এসআইআরে ডিলিট ও ট্রাইব্যুনালে আটকে থাকা ভোটাররা। দ্রুততার সাথে তারা এর নিষ্পত্তি চাইছেন। সকল বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত করার দাবিও এদিন তারা তুললেন। সেই সাথে তাদের দাবি সরকারি কোন প্রকল্পে তাদের বঞ্চিত করা যাবে না। সিপিআই(এম) বসিরহাট উত্তর এরিয়া কমিটির ডাকে খোলাপোতা মোড় থেকে মিছিল হয়। টাকীরোড ধরে মিছিল আসে বিডিও অফিস চত্বরে। মিছিল থেকে আওয়াজ ওঠে সমস্ত সরকারি প্রকল্পে দুর্নীতির সঠিক ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। গৃহহীন ও যোগ্য ব্যক্তিদের আবাস যোজনায় তালিকাভুক্ত করতে হবে। নিম্নচাপের হাত ধরে বর্ষা আগত। ফি বছরের মতো জল যন্ত্রণার শিকার আর তারা হতে চান না। তারা সোচ্চার হলেন অবিলম্বে ভদ্রখালি, বিদ্যাধরী খাল সহ ব্লক জুড়ে যাবতীয় নিকাশির সংস্কার করতে হবে। গ্রামে গ্রামে তীব্র কাজের হাহাকার অবিলম্বে ১০০দিনের কাজ শুরু করতে হবে। মিছিল শেষে বিডিও অফিস চত্বরে শুরু হয় বিক্ষোভ সভা। বক্তব্য রাখেন, পার্টি নেতা সত্যসেবী কর, প্রতাপ নাথ, রাজু আহমেদ, ইমতিয়াজ হোসেন। সভা পরিচালনা করেন ফকির আহমেদ ও বিশ্বনাথ দাস। সভা চলাকালীন ৭ জন পার্টি নেতৃত্ব দেখা করেন বিডিও বিপ্লব বসাকের সাথে এবং ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। দাবিগুলি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন বিডিও। ডেপুটেশন শেষে সভায় দীর্ঘ আলোচনার নির্যাস তুলে ধরেন এরিয়া কমিটির সম্পাদক আমির আলি।
উল্লেখ্য, বসিরহাট-২নং ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ট্রাইব্যুনালে বিচারাধীন ভোটারের সংখ্যা এই মুহূর্তে কমবেশি ২০ হাজার।যার মধ্যে ৯৫শতাংশ মুসলিম সম্প্রদায় এবং গরীব অংশের মানুষ।
Basirhat
এসআইআরে নিষ্পত্তি সহ ১০ দফা দাবিতে বসিরহাটে মিছিল, ডেপুটেশন
×
Comments :0