উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় ধর্ষণে অভিযুক্তের এনকাউন্টারের পরেও ধর্ষণ কাণ্ডে লাগাম পড়ছে না।জেলার দুই প্রান্তে দুটি ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাবরা ও শাসন এলাকায়। যদিও দুটি ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ বছরের কিশোরী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল নিজের বাবার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তকে দাঁড় করিয়ে গুলি করে মারার নিদান দিয়েছেন হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী স্থানীয় একটি স্কুলের ক্লাস ইলেভেনে পড়াশুনো করত। ২০১২ সালে মায়ের মৃত্যুর পর বোনের সঙ্গে বাবার কাছেই থাকত সে। অভিযোগ, গত দু’বছর ধরে মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করছিলেন বাবা। ভয় ও লজ্জায় কাউকে কিছু জানাতে পারেনি। শেষ পর্যন্ত নির্যাতনের কথা পাশের গ্রামের মাসিকে জানায় সে। এরপরেই হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাসি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়।
অন্যদিকে, শাসনে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগের তদন্তে নেমে রবিবার রাতে অভিযুক্ত মহম্মদ আরি আরমান সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন ধৃত আরমান তাঁর পড়শি এক গৃহবধূকে অপহরণ করে। পরে তাঁকে তুলে নিয়ে গিয়ে ব্যারাকপুর, নৈহাটি সহ একাধিক জায়গায় রেখে লাগাতার ধর্ষণ করে। পরবর্তীতে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ তদন্তে নেমে ওই গৃহবধূকে আগেই উদ্ধার করা হলেও পলাতক ছিল অভিযুক্ত। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ।
Rape in Bengal
শাসনে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, হাবড়ায় কিশোরী ধর্ষণে অভিযুক্ত বাবা
×
Comments :0