Explosion at Firecracker Factory in Kaushambi

উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ ৮ শিশু সহ নিহত ১১

জাতীয়

উত্তরপ্রদেশের বায়ুসেনা ঘাঁটির কাছের এক বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ৮ শিশুও। সোমবার দুপুরে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার বায়ুসেনা ঘাঁটির কাছে মানৌরিতে একটি বাজি কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ভশ্মীভূত হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েন। ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন অন্তত পাঁচ জন। নিহতদের মধ্যে ৪ থেকে ১৩ বছর বয়সী ৮জন শিশুও রয়েছে। পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত আট শিশুসহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের প্রয়াগরাজের এসআরএন হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। 
দুর্ঘটনার পর পুলিশের আধিকারিক এবং পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জেলা প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে। দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছেন। কৌশাম্বী জেলার জেলা শাসক অমিত পাল শর্মা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সসহ দমকল বাহিনীর চারটি গাড়ি পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে। প্রাথমিক তদন্তে আনুমানিক দুই থেকে তিনটি বাড়ি বিস্ফরণে সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে গেছে।
জেলা শাসক জানিয়েছেন, মৃতদের নাম প্রিয়ঞ্জলি (৫), প্রবীণ সিং (১৩), জাহানভি (১২), আদিত্য (১২), আদিত্য (৮), রবি (৮), অঞ্জু (৩২), জ্ঞান সিং (৪০), বিক্রম সরোজ (৩৫), আংশ (৬) এবং নানা (৪)। 
পুলিশ সূত্রে জানা গেছে পুরমুফতি থানা এলাকার মানুরি গ্রামের বসতি এলাকা থেকে কিছুটা দূরে একটি বাড়িতে বাজি তৈরি করা হতো। মানুরি গ্রামের বাসিন্দা আদিলের একটি বাজির কারখানা ছিল এবং বাড়িটির ঠিক উপর দিয়ে বিদ্যুতের তার চলে গিয়েছিল। সোমবার বিকেলে হঠাৎ বাড়িটি থেকে ধোঁয়া উঠতে শুরু করে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যান এবং একের পর এক বাজি ফাটতে শুরু করে। আকস্মিক বিস্ফোরণে আশেপাশের গ্রামবাসীরা চমকে ওঠেন। এর কিছুক্ষণ পরেই সেখানে মানুষের ভিড় জমে যায়। 
বিস্ফরোণের সময় কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বিস্ফোরণের পরে স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজে এগিয়ে আসেন। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। ধ্বংসাবশেষ সরাতে বুলডোজার নামানো হয়। 
কৌশাম্বীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের যথাযথ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। 

Comments :0

Login to leave a comment