প্রশাসনের দীর্ঘদিনের চরম উদাসীনতার খেসারত দিতে হল সাধারণ মানুষকে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় মুজনাই নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটি রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। একটি ভারী ডাম্পার পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও, গোটা এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জটেশ্বর–পাঁচমাইল সড়কের উপর অবস্থিত এই সেতুটি ওই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান লাইফলাইন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সেতুর অবস্থা ছিল অত্যন্ত বেহাল। রবিবার দুপুরে একটি ভারী ডাম্পার সেতুর উপর উঠতেই জরাজীর্ণ কাঠামোটি ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এর ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সেতুর বিপজ্জনক অবস্থার কথা বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। কেবল আশ্বাসের উপর ভর করেই চলছিল গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা। শেষ পর্যন্ত প্রশাসনিক অবহেলারই মাশুল দিতে হল সাধারণ মানুষকে।
সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। স্কুল-কলেজ পড়ুয়া, নিত্যযাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীদের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিকল্প কোনও সুগম পথ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ক্ষুব্ধ স্থানীয়দের হুঁশিয়ারি, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Comments :0