Budget SFI ABTA

সকলের শিক্ষা চায় না সরকার স্পষ্ট বাজেট, ক্ষোভ ছাত্র-শিক্ষকদের

রাজ্য কলকাতা

জনশিক্ষার সর্বনাশ করে শিক্ষার বেসরকারিকরণের কৌশল স্পষ্ট রাজ্যের বাজেটে। বরাদ্দও খরচ করা হচ্ছে না। কর্মসংস্থানেরও কোনও দিশা নেই।
বৃহস্পতিবার রাজ্য বাজেটের প্রতিক্রিয়ায় একথা বলেছেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী ও দেবাঞ্জন দে। একই ক্ষোভ জানিয়ে সরব হয়েছেন এবিটিএ’র সম্পাদক সুজিত দাস।
এসএফআই নেতৃবৃন্দ বলেছেন, কেন্দ্রের দেখানো পথেই পেশ হয়েছে রাজ্যের বাজেট। জনশিক্ষা বা সকলের লেখাপড়া করার ব্যবস্থাকে সঙ্কুচিত করা হয়েছে। শিক্ষায় ব্যাপক বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। 
উল্লেখ্য, রাজ্যের বাজেট নতিতে দেখা গিয়েছে শিক্ষা, ক্রীড়া এবং শিল্প-সংস্কৃতি খাতে গত বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৫০,৫৫৯ কোটি টাকা। কিন্তু খরচ করা হয়েছে মাত্র ৩৬ হাজার ২৬২ কোটি টাকা। আগামী অর্থবর্ষে এই খাতে ৫১ হাজার ৫৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 


দেবাঞ্জন বলেন, ‘‘বাজেটে দেখা যাচ্ছে যে গত অর্থবর্ষে যে বরাদ্দ করা টাকা তার বিপুল অংশ খরচই করা হয়নি। তাহলে সেই টাকা গেল কোথায়? কেন খরচ করা হলো না? এদিকে প্রয়োজন যে রয়েছে তার উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে।’’ তাঁর ক্ষোভ, ‘‘গোটা বাজেটের কোথাও পরিকাঠামোগত উন্নয়নের কথা নেই। পড়াশোনা শেখার পর কর্মসংস্থানের কি হবে এ তারও উল্লেখ নেই এই বাজেটে।’’ 
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)’র সম্পাদক সুজিত দাস বলেন, "সারা ভারতের সব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম ডিএ দেওয়া হয় পশ্চিমবঙ্গের শিক্ষকদের। এমনকি শিক্ষায় বরাদ্দও খরচ করছে না সরকার। সরকারি শিক্ষা ব্যবস্থার  বেহাল দশার কারণেই বহু ছাত্রছাত্রী নবম শ্রেণি অবধি পড়াশোনা করে তারপর পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে। এমনকি উচ্চমাধ্যমিক দেওয়ার পরে কলেজে ড্রপ আউটের সংখ্যা ভয়াবহ।’’
এই শিক্ষকনেতা বলেন, ‘‘সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে সরকার। মাদ্রাসা শিক্ষার অবস্থা ভঙ্গুর। পাশাপাশি আমাদের অধিকাংশ বিদ্দ্যালয়গুলির অবস্থাও অত্যন্ত সংকটজনক। বরাদ্দ টাকা চাইলেই সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে লাগাতে পারত। কিন্তু সরকার তা চায় না।’’ 
এবিটিএ নেতা বলছেন, ‘‘সরকারি ব্যবস্থা ভেঙে দিয়ে বেসরকারি ক্ষেত্রের উন্নয়ন সাধনই কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ্য। সরকার চায় শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ,কেন্দ্রীকরণ। এরা চায় না সকলের ঘরে শিক্ষা পৌঁছে যাক।"

Comments :0

Login to leave a comment