Supreme Court

সংবিধান না মানলে ভারত ছাড়ুন: হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে বললো সুপ্রিম কোর্ট

জাতীয় আন্তর্জাতিক

ভারতীয় নাগরিকদের তথ্যের গোপনীয়তা নিয়ে ছেলেখেলা বরদাস্ত করা হবে না, মঙ্গলবার মেটা এবং হোয়াটসঅ্যাপকে চরম হুঁশিয়ারি দিয়ে বললো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ অত্যন্ত কড়া ভাষায় মার্কিন কোম্পানিটিকে তিরস্কার করে বলেছে, ‘আপনারা গোপনীয়তা নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। আমরা আমাদের তথ্যের একটা ডিজিটাল অংশও আপনাদের শেয়ার করতে দেব না।’
এদিন শুনানির সময় প্রধান বিচারপতি সরাসরি জানান যে, ভারতীয়দের তথ্য ফাঁস করা সুপ্রিম কোর্ট মেনে নেবে না। সরকার পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা হোয়াটসঅ্যাপের ২০২১ সালের গোপনীয়তা নীতিকে শোষণমূলক বলে চিহ্নিত করেন। 
প্রধান বিচারপতি মেটাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যদি আমাদের সংবিধান মেনে চলতে না পারেন, তবে ভারত ছেড়ে চলে যান। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে আমরা কোন আপস করব না।’
আদালত মেটার আইনজীবীদের প্রশ্ন করে, তাদের এই জটিল গোপনীয়তা নীতি কি ভারতের কোটি কোটি সাধারণ বা স্বল্পশিক্ষিত মানুষ বুঝতে সক্ষম? প্রধান বিচারপতি এই নীতিকে 'ব্যক্তিগত তথ্য চুরির একটি পথ' হিসেবে বর্ণনা করেছেন।
নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘হোয়াটসঅ্যাপে ডাক্তারকে কোন অসুস্থতার কথা লিখে মেসেজ পাঠালে বা ডাক্তার কোন ওষুধের নাম লিখলে, মুহুর্তের মধ্যে সেই সংক্রান্ত বিজ্ঞাপন স্ক্রিনে ভেসে ওঠে।’ যদিও হোয়াটসঅ্যাপের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি এবং অখিল সিবাল দাবি করেন যে, মেসেজগুলো ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, অর্থাৎ কোম্পানি নিজেও তা পড়তে পারে না।
হোয়াটসঅ্যাপ তার নতুন গোপনীয়তা নীতি নিয়ে আসে, যেখানে অন্য মেটা প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য শেয়ার করার বিষয়টি বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়। 
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের ওপর ২১৩ কোটি টাকা জরিমানা আরোপ করে। সিসিআই-এর মতে, নিজেদের আধিপত্য খাটিয়ে ব্যবহারকারীদের ওপর এই নীতি চাপিয়ে দিচ্ছে সংস্থাটি। মেটা এই জরিমানার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায়। ল ট্রাইব্যুনাল জরিমানা বহাল রাখলেও তথ্য শেয়ারিংয়ের ওপর থাকা পাঁচ বছরের স্থগিতাদেশ তুলে দেয়।
সেই ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করেই বর্তমানে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে, বাণিজ্যিক স্বার্থে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অনুমতি কোন ভাবেই দেওয়া হবে না।

Comments :0

Login to leave a comment