Budget Session 2026

'চীন' তরজায় উত্তাল সংসদ: প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বই ঘিরে রাহুল-বিজেপি সংঘাত

জাতীয়

লোকসভায় আজ ফের একবার মোদী সরকার ও বিরোধীদের সংঘাত চরমে উঠলো। লাদাখ সীমান্তে ভারত ও চীনের সংঘাত নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরব হওয়ায় শুরু হয় উত্তেজনা। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম.এম. নরভানের একটি অপ্রকাশিত বই 'ফোর স্টার্স অফ ডেস্টিনি' এই বইয়ের একটি প্রবন্ধের কপি হাতে নিয়ে রাহুল বক্তব্য শুরু করতেই ট্রেজারি বেঞ্চের তীব্র বাধার মুখে পড়েন তিনি। 
২০২০ সালের গালওয়ান সংঘর্ষ এবং প্যাংগং লেক এলাকায় ভারত-চীন উত্তেজনা নিয়ে প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বইয়ের সূত্র ধরে আক্রমণ শানান রাহুল গান্ধী। কিন্তু তিনি উদ্ধৃতি দেওয়া শুরু করতেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিয়মবিধির দোহাই দিয়ে বাধা দেন। রাজনাথ সিংয়ের দাবি, ‘যে বই এখনও প্রকাশিতই হয়নি, সংসদের ভেতর তা থেকে উদ্ধৃতি দেওয়া নিয়মবিরুদ্ধ। বিরোধী দলনেতাকে আগে সেই বই হাউসে পেশ করতে হবে।’
রাহুল গান্ধীর মুখে বারবার চীনের ট্যাঙ্ক শব্দবন্ধ শুনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও রাহুলকে আক্রমণ করেন। অমিত শাহ বলেন, ‘বইটি যখন বাজারে আসেনি, তখন তিনি কোথা থেকে তা উদ্ধৃত করছেন? এর সত্যতা কী?’
কিরেণ রিজিজু বলেন, ‘বিরোধী দলনেতা স্পিকারের নির্দেশ অমান্য করছেন। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত, তা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।’
বিজেপি নেতাদের প্রবল বাধার মুখে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ‘এই তথ্যে এমন কী আছে যা দেখে আপনারা এত ভয় পাচ্ছেন? যদি ভয় না থাকে, তবে আমাকে পড়তে দেওয়া হোক।’ তার দাবি, তিনি যে প্রবন্ধটি পাঠ করছেন তা সত্য। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য কংগ্রেসের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলায় তিনি এই বিষয়ে বলতে বাধ্য হয়েছেন বলেও জানান রাহুল।
বিরোধীদের এবং শাসকের প্রবল হট্টগোলের জেরে অধিবেশন বেলা ৩টে পর্যন্ত মূলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা।

Comments :0

Login to leave a comment