অঙ্গনওয়াড়ি কর্মী সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বিষয়ে সম্পূর্ণ নীরব রইলো ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট। এরই প্রতিবাদে ২ ও ৩ ফেব্রুয়ারি দেশের সর্বত্র বাজেটের কপি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে সারা ভারত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ফেডারেশন (এআইএফএ ডাবলু এইচ)। পাশাপাশি সারা দেশে 'রাস্তা ও রেল রোকো' সহ ধর্মঘটের ডাক দিয়েছে।
দেশজুড়ে প্রায় ২৬ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা য়েছেন। তবে গোটা বাজেটে তাঁদের অধিকার সম্পর্কে একটি শব্দও খরচ করা হয়নি। আইসিডিএস, স্কুল মিড ডে মিল এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মতো মৌলিক পরিষেবা প্রকল্পগুলির পরিকাঠামো এবং পরিষেবার উন্নয়নের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি কেন্দ্র।
বিজেপি শাসিত ভারত সরকার শ্রম আইনের মাধ্যমে 'সকল শ্রমিককে ন্যূনতম মজুরি প্রদান' করার কথা বললেও, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রতি মাসে মাত্র ২৭০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য প্রতি মাসে ১৩৫০ টাকা মজুরি দিয়ে থাকে। খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষার সঙ্গে যুক্ত তৃণমূল স্তর থেকে পরিষেবাদানকারী এই কর্মীদের ২০১৮সাল থেকে কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। ২০১৮ সাল থেকেই আশা কর্মীরা প্রতিমাসে ১২০০ টাকা এবং মিড্ ডে মিল কর্মীরা প্রতিমাসে মাত্র ৬০০ টাকা মজুরি পেয়ে থাকেন।
প্রকল্পগুলির সঙ্গে যুক্ত কর্মীদের সামাজিক নিরাপত্তা এবং পেনশনের কোনও ব্যবস্থা নেই। ২০২২ সালে সুপ্রিমকোর্ট অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মীদের জন্য গ্র্যাচুয়িটি তহবিলের নির্দেশ দিলেও সরকার তা এখনও প্রয়োগ করতে পারেনি। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫’র মার্চে সংসদে সরকার বলেছিল যে আশা কর্মীদের ভাতা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা (রাজ্যের অংশ সহ) করার ঘোষণা করেছিল, কিন্তু এই বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা করেনি বাজেট। ২০০৯ সাল থেকে মিড ডে মিল কর্মীদের বেতন প্রতি মাসে মাত্র ১০০০ টাকাই (রাজ্যের অংশ সহ) রয়ে গেছে।
বলা হয়েছে, এই বাজেটে সাধারণ শ্রমিকদের এবং বিশেষ করে প্রকল্প কর্মীদের সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করা হয়নি। ২০২৫ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রীদের ঘেরাও কর্মসূচির সময় প্রকল্প কর্মীদের কর্মপরিবেশ উন্নত বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আজও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।
ফলত,অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য প্রকল্প কর্মীরা একসাথে এই কর্পোরেট-বিরোধী সরকার এবং এর প্রতারণামূলক বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২ এবং ৩ ফেব্রুয়ারি সারা দেশজুড়ে বাজেটের কপি পুড়িয়ে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। পাশাপাশি নিজেদের অধিকার রক্ষার দাবি নিয়ে এই কর্মীরা ১২ ফেব্রুয়ারি রাস্তা এবং রেল রোকো'র মাধ্যমে পূর্ণ ধর্মঘট পালনেরও ডাক দিয়েছে সংগঠন।
Budget 2026 Anganwadi
বাজেট বঞ্চনায় বিক্ষোভের ডাক অঙ্গনওয়াড়ি কর্মীদেরও
×
Comments :0