State Budget Expenditure

বরাদ্দ টাকাও খরচ হচ্ছে না রাজ্যে, দেখাচ্ছে বাজেট নথি

রাজ্য কলকাতা

বাজেটে বরাদ্দ যা হয়েছিল তার চেয়ে কম খরচ করেছে রাজ্যের তৃণমূল সরকার। কেন্দ্রের বিজেপি সরকারের বাজেটে যেমন প্রবণতা তা বজায় রয়েছে পশ্চিমবঙ্গের বাজেটেও।
বৃহস্পতিবার নির্বাচনের আগে মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে তৃণমূল সরকার। সামনে নির্বাচন। ফলে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্পের বৃদ্ধি এবং বরাদ্দ অনুমানের মধ্যেই ছিল। 
কিন্তু অর্থনীতিতে গতি আনতে, বিশেষ করে কাজ এবং রোজগারের সুরাহা করতে বাজেট কতটা কার্যকর হবে তা বোঝা যায় খরচের বিশ্লেষণে।  
বাজেট নথিতে জানানো হয়েছে যে চলতি এবং মূলধনী খাতে মোট খরচ গত বাজেটে প্রস্তাবিত ছিল ৩ লক্ষ ৭৪ হাজার ১৯৪ কোটি টাকা। কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষে খরচ হবে ৩ লক্ষ ৪৬ হাজার ৬৯২ কোটি। প্রায় ৫০ হাজার কোটি টাকা কম খরচ হবে বরাদ্দের তুলনায়। আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার ৮৪ কোটি টাকা।
মূলধনী খাতে খরচও বরাদ্দের তুলনায় কম। পরিকাঠামো বা স্থায়ী সম্পদ তৈরি হয় এই খাতে খরচের মাধ্যমে। গত বছর প্রস্তাবিত ছিল ৭২ হাজার ৮১৮ কোটি টাকা। খরচ হয়েছে ৬০ হাজার ৬৬১ কোটি। এবার প্রস্তাব ৮৬ হাজার ৫৩৩ কোটি টাকার।
উল্লেখ্য, মূলধনী খাতে খরচের ঋণ পরিশোধ বাবদ খরচ হয়েছে ৩৩ হাজার ৭৯৫ কোটি টাকা। যদিও ধরা হয়েছিল ৩২ হাজার ৭৩২ কোটি টাকা। এবার ঋণ পরিশোধ বাবদ খাতে ধরা হয়েছে ৪৪ হাজার ৬০৬ কোটি টাকা। 
লক্ষ্যণীয়, এবার ঋণ মোটা দাঁড়াবে প্রায় ৮ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। বাজার থেকে ধার করবে ৮০ হাজার ৪৪৪ কোটি টাকা। এবার বাজার থেকে করা হয়েছে ৮০ হাজার কোটি টাকা। চলতি খাতে খরচ গতবার প্রস্তাবিত ৩ লক্ষ ১ হাজার ৩৭৫ কোটি। কিন্তু মার্চ পর্যন্ত খরচ হবে ২ লক্ষ ৯৬ হাজার ৩০ কোটি টাকা। ঘাটতি প্রায় ৫ হাজার কোটি টাকার। এবার প্রস্তাবিত ৩ লক্ষ ৯ হাজার ৫৫১ কোটি টাকা।
গতবারের প্রস্তাবিত খরচের তুলনায় এবারের বরাদ্দ বৃদ্ধি সেক্ষেত্রে ৩ শতাংশের কম দাঁড়াচ্ছে। মূল্যবৃদ্ধি বিবেচনায় রাখলে বাজেট সঙ্কোচনের দিকে ঠেলবে রাজ্যের অর্থনীতিকে। চলতি খাতে খরচের মাধ্যমে বেতন, ভাতার মতো ক্ষেত্রে টাকা ব্যয় করে সরকার। 
সামাজিক পরিষেবায় চলতি খাতে খরচেও একই হাল। 
গতবার প্রস্তাবিত ১ লক্ষ ৫৮ হাজার৮৭৯ কোটি টাকা। খরচ হবে মার্চ পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার ৫৮৫ কোটি টাকা। এবার বাজেটে প্রস্তাবিত ১ লক্ষ ৬২ হাজার ৬১১ কোটি টাকা।

Comments :0

Login to leave a comment