PM Speech Lok Sabha

সংসদে তোলপাড়, ভাষণ দিলেন না ভীত মোদী

জাতীয়

বিরোধী সাংসদদের তীব্র প্রতিবাদের জেরে ভাষণ স্থগিত রাখতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাজেট অধিবেশনে সিপিআই(এম)’র এস বেঙ্কটেশন এবং কংগ্রেসের ৭ সাংসদকে বাজেট অধিবেশনে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত থেকে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বুধবার তোলপাড় হয়েছে সংসদের দুই কক্ষই। 
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের কয়েক মিনিট আগেই লোকসভা মুলতুবি করা হয়। ট্রেজারি বেঞ্চের সামনে বিরোধী সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদও হয় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।
গত দু’দিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য থামিয়ে দেন অধ্যক্ষ ওম বিড়লা। প্রাক্তন সেনাপ্রধান এমএম নরভনের প্রকাশিতব্য একটি বই দেখিয়ে চীনের সঙ্গে সংঘাতের সময় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এদিন নিশিকান্ত দুবে গান্ধী পরিবার সংক্রান্ত একাধিক বই তুলে জবাব দেওয়ার চেষ্টা করেন। এমন আক্রমণের প্রতিবাদ জানান বিরোধীরা।  
এর মধ্যেই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।  
রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, অত্যন্ত দুঃখের যে সংসদ চলাকালীন চুক্তি সম্পর্কে জানতে হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির থেকে। 
এদিন বিরোধীদের চাপে সংসদে চুক্তি নিয়ে মুখ খুলতে বাধ্য হন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল। তিনি দাবি করেন যে ভারতের কৃষকদের স্বার্থ সুরক্ষিত রয়েছে। কিন্তু আমেরিকা যে শূন্য আমদানি শুল্কের দাবি করছে তাকে মিথ্যাও বলেননি। ফলে যৌক্তিকতা নিয়ে থেকেছে সংশয়।
বিরোধী সাংসদরা ব্যানার লিখে বিক্ষোভ দেখান। যার বক্তব্য ছিল, ‘প্রধানমন্ত্রী গোপন বোঝাপড়ায় রয়েছেন’।
এদিন বিকেল পাঁচটা নাগাদ বারকয়েক মুলতুবির পর লোকসভা কাজ শুরু হয়। বিরোধী সাংসদদের স্লোগান দিতে দিতে ওয়েলের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। 
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সময় লোকসভায় উপস্থিত ছিলেন না। 
এই বাদানুবাদ চলাকালীন একাধিক বিরোধী মহিলা সাংসদ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। জয়তিমণি এবং বর্ষা গায়কোয়াড় সহ সাংসদদের সঙ্গে তর্ক চলতে দেখা যায়। বিজেপি’র কয়েকজন মহিলা সাংসদও চলে যান সেখানেই।।
অধ্যক্ষের তরফে সভার মুলতুবি ঘোষণার আগে পর্যন্ত গোলমাল চলতে থাকে।  
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বিজেপি’র বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে অভিযোগ করেন যে বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রী সংসদে এড়িয়ে গেছেন। প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, তিনি ভয় পেয়েছিলেন এবং সেই কারণেই তিনি সংসদে আসেননি। উল্লেখ্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জবাবী ভাষণ দেওয়ার কথা ছিল মোদীর।

Comments :0

Login to leave a comment