Bengal Football

টাইব্রেকারে হেরে বিদায় বাংলার

খেলা

 খেতাব ধরে রাখতে ব্যর্থ বাংলা। কোয়ার্টার ফাইনালেই স্বপ্নভঙ্গ। মঙ্গলবার সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে টাইব্রেকারে ২-৩ গোলে হেরে বিদায় নিল বাংলা। হারের কারণ কী? শুধুই গোল নষ্ট করা, হতশ্রী ফুটবল না কি অতিরিক্ত আত্মবিশ্বাস? যেখানে বিপক্ষ শিবির নকআউট ম্যাচের কথা ভেবে, টাইব্রেকারের প্রস্তুতি সেরে রেখেছিল, সেখানে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামার আগের মহড়ায় টাইব্রেকার প্র্যাকটিস করেননি রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে গোল করতে না পারার ব্যর্থতাই ডুবিয়ে দিল বাংলা দলকে। প্রতিযোগিতা থেকে বাংলা ছিটকে যাওয়ায় ব্যথিত বাংলার ফুটবলপ্রেমীরা। তাঁরা প্রশ্ন তুলে দিলেন, কেন টাইব্রেকার অনুশীলন থেকে বিরত থাকল বাংলা? নির্ধারিত সময় গোলশূণ্য থাকার পর, টাইব্রেকারে বাংলার হয়ে পেনাল্টি মিস চাকু মান্ডি, নরহরি শ্রেষ্ঠা ও করণ রাই। রবি ও শ্যামল বেসরা গোল করেছেন এবং পরিবর্ত হিসেবে নামা বাংলার গোলরক্ষক গৌরব সাউয়ের জোড়া সেভেও শেষরক্ষা হয়নি। নরহরির শট আটকে ম্যাচের নায়ক সার্ভিসেসের পাঞ্জাবি গোলরক্ষক মহম্মদ শানোস পিপি।   
কথায় আছে, সকালটা দেখলেই বোঝা যায়, পুরো দিনটা কেমন যাবে! ম্যাচের ১২ মিনিটেই বাংলা গোল হজম করতে করতে বেঁচে যায়। গোললাইন ক্লিয়ারেন্স করে দলের পতন রোধ করেন চাকু মান্ডি।  ২০ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলা। কিন্তু সহজ সুযোগ নষ্টের রোগ কাটাতে না পারায় ভুগল সঞ্জয় সেনের দল। শেষ কয়েকটি ম্যাচে, সহজ সুযোগ হাতছাড়া করেছেন বাংলার ফুটবলাররা। নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও তা অব্যাহত রইল। সায়নের ক্রস পেয়ে যান ফাঁকা জায়গা দাঁড়ানো আকাশ। তিনি কী করলেন? সোজা গোলকিপারের হাতে তুলে দিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও সুযোগ নষ্টের প্রদর্শনী চলতে থাকে দু’দলের। তবে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করে দলকে ডুবিয়ে দেন সায়ন। ম্যাচের অতিরিক্ত সময়ে, সার্ভিসেসের প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান জুয়েল আহমেদ মজুমদার, না হলে এখানেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যেত। দু’অর্ধেই কিছুক্ষেত্রে গোলরক্ষক সোমনাথ দত্ত দলের পতন রোধ করেন।  
পেনাল্টি শুট আউটে প্রথম দু’টি সুযোগ থেকে গোল করতে পারেনি বাংলা। সার্ভিসেসকে এগিয়ে দেন স্যামুয়েল ভানলালপেকা। এরপর তামাংয়ের শট বাঁচান গৌরব। শ্যামল ও রবি বাংলার হয়ে গোল করেন। সার্ভিসেসের বিজয় ও অভিষেক পরপর দু’টি গোল করে এগিয়ে দেন দলকে। নরহরি মিস করায়, শেষ আটেই যাত্রা শেষ হয়ে গেল বেঙ্গলের।

Comments :0

Login to leave a comment