Bike Rally Gig Workers

সেই নাজিরাবাদের কাছেই বাইক মিছিলে ধর্মঘটের ডাক গিগ শ্রমিকদের

জেলা

অজয়নগরে মিছিল শুরুর সময় সিআইটিইউ নেতৃবৃন্দের সঙ্গে গিগ শ্রমিকরা।

ভয়াবহ আগুনে জীবন্ত দগ্ধ হয়েছিলেন সহকর্মীরা। অনেকেই ছিলেন গিগ শ্রমিক। নাজিরাবাদের কাছে বৃহস্পতিবার বাইক মিছিল করলেন গিগ শ্রমিকরা। শ্রমজীবীর সুরক্ষার দাবি তুলে সমর্থন জানালেন ১২ ফেব্রুয়ারির ধর্মঘটকে। 
নাজিরাবাদে গোডাউনের দরজা বাইরে থেকে তালা বন্ধ করা ছিল। শ্রমজীবীর সুরক্ষা কোন তলানিতে পৌঁছেছে দেখিয়েছিল আরেকবার। সিআইটিইউ এই মৃত্যুকে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে। আর দেশের সরকার শ্রম আইন বাতিল করে চালু করেছে সব অধিকার কেড়ে নেওয়া চার শ্রম কোড। তার বিরুদ্ধেই ধর্মঘটের ডাক।
কিন্তু কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মঘটের প্রচারে এদিন সকাল ১১টা নাগাদ বাইক মিছিলকে আটকাতে তৎপর ছিল রাজ্যের পুলিশ। মিছিল আটকাতে চেষ্টা করে। গিগ শ্রমিকরা জানান যে আগেই ই-মেল করে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই পরীক্ষাকেন্দ্রে ঢুকে গিয়েছে। তাদের বেরনোর আগেই শেষও হবে মিছিল। খানিকক্ষণ তর্কাতর্কির পর মিছিল ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
সিআইটিইউ’র গিগ শ্রমিক ইউনিয়ন এবং ওলা উবের অ্যাপ ক্যাব ইউনিয়নের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির আহ্বানে হয়েছে বাইক মিছিল। গিয়েছে রাজপুর রথতলা পর্যন্ত।
সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক দেবাশিস দে বলেছেন, ‘‘এই মিছিলে ধর্মঘটের
পাশাপাশি দাবি উঠেছে নাজিরাবাদে গোডাউনে মৃত ও আহত শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের। পরিবারে সরকারি চাকরি, ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন গিগ শ্রমিকরা।’’
দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশনের ডাকে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। ধর্মঘটের অন্যতম দাবি ফসলের ন্যায্য দামও। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার কারণে ওই দিন শিল্প ধর্মঘট হবে। সারা দেশে সাধারণ ধর্মঘট করবেন শ্রমিক-কৃষকরা।
দেবাশিস দে বলেছেন, ‘‘গিগ শ্রমিক, ডেলিভারি বয় থেকে অ্যাপ-ক্যাব চালকরা বারবার বহুজাতিক সংস্থার তীব্র শোষণের শিকার। পাশাপাশি পুলিশ প্রশাসনের কারণেও সঙ্কটে পড়েন তাঁরা। এর মধ্যেই ব্লিঙ্কিট থেকে সুইগির বিভিন্ন কর্মকেন্দ্রে ধর্মঘট হয়েছে। দেশজুড়ে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন গিগ শ্রমিকরা। পরিবহণ শ্রমিকরা মাধ্যমিক পরীক্ষার সময় পরিষেবা চালু রেখে সন্ধ্যা ৬টা থেকে ৬.১০ বিক্ষোভ দেখাবেন।’’ 
উল্লেখ্য, নাজিরাবাদ সংলগ্ন কলকাতা কর্পোরেশনের ১০৮, ১০৯ নম্বর ওয়ার্ড বা সোনারপুরের খেয়াদা এলাকায় জলাভূমি বুজিয়ে তৈরি হচ্ছে বেআিনি গোডাউন। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এদিন তার বিরুদ্ধেও সরব হয়েছে মিছিল।  

Comments :0

Login to leave a comment