Amrit Bharat Station

নিউ মাল জংশনে থমকে অমৃত ভারত প্রকল্পের কাজ, দুর্ভোগে যাত্রীরা

জেলা

আধুনিকীকরণ ও সৌন্দর্যায়নের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু হলেও অমৃত ভারত স্টেশন প্রকল্পে নিউ মাল জংশনের কাজ কার্যত থমকে রয়েছে। প্রায় ৩১ কোটি টাকা বরাদ্দের পর বছর খানেক কেটে গেলেও প্ল্যাটফর্মের শেড, ফুট ওভারব্রিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ। স্টেশনের একাংশ ভেঙে ফেলে রাখায় যাত্রীদের রোদ-বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।নিত্যযাত্রী ও শহরবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার দেখা দিয়েছে।
সূত্রে মারফত জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় নিউ মাল জংশনের আধুনিকীকরণের জন্য প্রায় ৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিছু কাজ শুরু হলেও বর্তমানে তার গতি অত্যন্ত শ্লথ। এক নম্বর প্ল্যাটফর্মে শেড থাকলেও দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে শেড তৈরির কাজ এখনও শেষ হয়নি। নতুন ফুট ওভারব্রিজের কাজও মাঝপথে আটকে রয়েছে। প্ল্যাটফর্মে পর্যাপ্ত বসার জায়গার অভাব। লিফট বসানোর কাজও এখনও শুরু হয়নি।
স্টেশনের বাইরে টোটো, সাইকেল ও বাইকের জন্য শেডযুক্ত পার্কিংয়ের ব্যবস্থাও নেই। ফলে যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সমস্যায় পড়ছে।
আধুনিকীকরণ প্রকল্পের সঙ্গে বিনোদনের পরিকাঠামো তৈরির পরিকল্পনাও ছিল। তারই অংশ হিসেবে ‘কোচ রেস্তোরাঁ’ তৈরির কথা থাকলেও রেলের আনা পুরোনো একটি কোচ দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। স্টেশন চত্বরে মানসম্মত ক্যান্টিন বা খাবারের দোকান না থাকায় দূরপাল্লার ট্রেনের যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।
কাজের ধীর গতি নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জংশনে নেমে পিঙ্কি সরকার বলেন, দীর্ঘদিন ধরে কাজ চললেও শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। দুই বা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এলে বিশেষ করে বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। শহরের ব্যবসায়ী অচিন্ত দাস বলেন, স্টেশনের আধুনিকীকরণ জরুরি। কিন্তু কাজের গতি এতটাই ধীর যে প্রতিদিন সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদের তরফে অবশ্য দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁর দাবি, স্টেশনের কাজ দ্রুত শেষ করার বিষয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আগেই আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে ফের রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
প্রকল্পের শ্লথ গতি নিয়ে রাজনৈতিক মহলও সরব হয়েছে। সিপিআই(এম)-এর মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্তের অভিযোগ, জলপাইগুড়ি রোড-সহ অন্যান্য স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজে সাংসদ যতটা তৎপরতা দেখিয়েছেন, নিউ মাল জংশনের ক্ষেত্রে তার কোনও প্রতিফলন নেই। দ্রুত অসম্পূর্ণ কাজ শেষ করে যাত্রীদের দুর্ভোগ দূর করার দাবি জানানো হয়।
নাগরিক মহলেও দ্রুত কাজ শেষ করে স্টেশনে যাত্রী পরিষেবা স্বাভাবিক ও প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করার দাবি উঠেছে।

Comments :0

Login to leave a comment