Dooars

কাল থেকে খুলছে ডুয়ার্সের জঙ্গল, বাড়ছে বুকিং

জেলা

নতুন পর্যটন মরশুমে গোরুমারা, বক্সা ও জলদাপাড়ায় ভিড় বাড়ার সম্ভাবনা থাকলেও জিপসি সাফারির বুকিং এখনও অনলাইনে চালু না হওয়ায় পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে ডুয়ার্সের জঙ্গল। পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, অফলাইন বুকিং ব্যবস্থা চালু থাকায় অনেক পর্যটক শেষ পর্যন্ত জঙ্গল সফরের পরিকল্পনা বাতিল করতে পারেন। বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, আপাতত আগের নিয়মেই জিপসি সাফারির বুকিং চলবে। রাজ্য সরকারের নির্দেশ এলেই অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হবে।
পর্যটন মহলের বক্তব্য, অফলাইন বুকিংয়ের কারণে দূরবর্তী এলাকা থেকে পর্যটকদের কাউন্টারে এসে বুকিং করতে হচ্ছে। এতে বাড়ছে যাতায়াতের খরচ ও সময়। তার উপর আগে থেকে আসন, টিকিট বা পরিষেবার প্রাপ্যতা জানা সম্ভব হচ্ছে না। কাউন্টারে গিয়েও বুকিং না পাওয়ার আশঙ্কা থাকছে। বুকিংয়ের সুযোগ সীমিত থাকায় দালালচক্রের প্রভাব বাড়ার সম্ভাবনাও রয়েছে। প্রত্যন্ত এলাকার পর্যটকদের জন্য এই সমস্যা আরও বেশি।
অন্যদিকে, নেপালে হড়পা বান ও ধসের ঘটনার প্রভাবেও পর্যটকদের একাংশ এবার তুলনামূলক নিরাপদ গন্তব্য হিসেবে ডুয়ার্সকে বেছে নিতে পারেন বলে মনে করছে পর্যটন মহল। ইতিমধ্যেই ডুয়ার্সের হোটেল, রিসর্ট, লজ ও হোমস্টেগুলিতে পুজোকে কেন্দ্র করে বুকিংয়ের হিড়িক পড়েছে।
চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা বলেন, ‘‘জিপসি সাফারির বুকিং অনলাইনে হলে পর্যটকদের অনেক সুবিধা হত।’’ ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, ‘‘পুজোয় ডুয়ার্সে জঙ্গল ভ্রমণের বুকিং বাড়ছে। জঙ্গল সাফারির প্রতি পর্যটকদের আগ্রহ রয়েছে। দ্রুত জিপসি সাফারিতে অনলাইন বুকিং চালু হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

Comments :0

Login to leave a comment