Rekha Patra

পদত্যাগের হুঁশিয়ারি বিজেপি বিধায়ক রেখা পাত্রের

রাজ্য

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিস্ফোরক মন্তব্য ঘিরে ফের অস্বস্তিতে বিজেপি। দলের অন্দরে অপমান ও নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবার সরাসরি পদত্যাগের ইঙ্গিত দিলেন তিনি। তাঁর দাবি, পড়াশোনা না জানার জন্য দলেরই নেতাদের কাছে তাঁকে অপমানিত হতে হয়েছে। এর পাশাপাশি, সন্দেশখালিতে তাঁর মায়ের বাড়িতে রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেছে বলেও অভিযোগ তুলেছেন বিধায়ক।
রেখা পাত্রের বাপের বাড়ি বসিরহাটের সন্দেশখালি থানার বউ ঠাকুরানি এলাকায়। তাঁর অভিযোগ, বর্তমানে সেখানে তাঁর মা একাই থাকেন এবং তাঁকে ঘিরে নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি তাঁর মাকে মারধরের চেষ্টাও করা হয়েছে বলে দাবি রেখার। এই ঘটনায় শরিক নস্কর পরিবারের কয়েকজনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। রেখার বক্তব্য, তার মা একা থাকেন এবং তাঁকে মারার পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন। তাঁর অভিযোগ, শুধু তাঁর মা নন, গোটা পরিবারই দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার। পরিবারের কোনও সদস্যের উপর আঘাত এলে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এরই মধ্যে দলের অন্দরের ক্ষোভও প্রকাশ্যে এনেছেন রেখা। তাঁর অভিযোগ, পড়াশোনা জানেন না বলে বিজেপিরই কয়েকজন নেতা তাকে অপমান করেন। কদিন আগেই বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই ক্ষোভ আরও তীব্র আকার নিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে বা তাঁকে সাসপেন্ড করার চেষ্টা হলে নিজেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন রেখা। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই দলের অভ্যন্তরীণ সমস্যা, পরিবারের নিরাপত্তা এবং পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে পরপর এমন বিস্ফোরক মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে রেখা পাত্র বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছেন। এবার তার প্রকাশ্য পদত্যাগের ইঙ্গিত এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ রাজ্য বিজেপির অন্দরের অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Comments :0

Login to leave a comment