বাংলার কৃষ্টি, সংস্কৃতি, খাদ্যাভাসের উপর বাইরে থেকে চাপিয়ে দিতে চাইলে প্রতিবাদ হবেই। বাংলার কৃষ্টি, মনুবাদী কৃষ্টি নয়। বহুত্ববাদী কৃষ্টি। কংগ্রেস নেতার গ্রেপ্তারি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে ‘বাগেশ্বর বাবা’-র মন্তব্যের প্রতিবাদ জানায় কংগ্রেস। রাজ্যের সব থানায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানায়। বিক্ষোভও দেখায়। তার জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, রাতে টালিগঞ্জে বাড়ি থেকে কংগ্রেসের এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অভিযোগ, ধীরেন্দ্র শাস্ত্রীর ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবা বা ধীরেন্দ্র শাস্ত্রীর ফটো পুড়িয়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জির নামেও এফআইআর করা হয়েছে।
দুর্গাপুজোর সময় বাঙালির মাছ-মাংস খাওয়া নিয়ে কুমন্তব্য করেন এই বাগেশ্বর। হিন্দিতে ‘পাখণ্ডী’, বাংলায় যার অর্থ ভণ্ড বলেন তিনি। প্রতিবাদের জেরে বিজেপি নেতৃত্বের একাংশকেও ব্যাখ্যায় নামতে হয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বাগেশ্বরের হয়েই কথা বলছেন। বিক্ষোভের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীই পুলিশকে নির্দেশ দিয়েছিলেন ব্যবস্থা গ্রহণের।
বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বলে, "একজন সাধু আমাদের রাজ্যে এসেছিলেন এবং তিনি তার দেশপ্রেম জাতীয়তাবাদ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিজস্ব ভঙ্গিতে কথা বলেছেন। তাকেও গ্রহণ করতে পারে আবার প্রত্যাখ্যান করতে পারে।" তিনি বলেন, ‘‘আমি দেখেছি ভবানীপুর থানার সামনে কয়েকজন তাঁর ছবি পোড়াচ্ছে। আমি এখান থেকেই কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিচ্ছি, ওই ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এ রাজ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত করব না"
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, "বাঙালিরা হিন্দু ধর্ম পালন কোনও উত্তর ভারতীয় তথাকথিত বাবার থেকে শিখবে না। এই মাটি বিবেকানন্দ, রামকৃষ্ণ, রাজা রামমোহনের মাটি। এই বাংলা রেনেসাঁর বাংলা। বাংলায় বিহারী বাঙালি গুজরাটি মারওয়াড়ি প্রত্যেকে একসঙ্গে এক সংস্কৃতিতে আবদ্ধ রয়েছেন। এখানে কোনও বিভেদ নেই। বাইরে থেকে কেউ যদি সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাহলে তার প্রতিবাদ করবে প্রদেশ কংগ্রেস।’’
শুভঙ্কর আরো জানিয়েছেন, ‘‘আমি নিজে রাস্তায় নামবো, গোটা রাজ্যের কংগ্রেস কর্মীর রাস্তায় নামবেন এই ঘটনার প্রতিবাদ করবেন। গ্রেপ্তার করে কংগ্রেসকে দমন করা যাবে না।’’
Congress leader arrested
শুভেন্দুর নির্দেশের পর গ্রেপ্তার কংগ্রেস নেতা, সরব শুভঙ্কর
ভবানীপুর থানার বাইরে বিক্ষোভ কংগ্রেসের
×
Comments :0