Dhupguri

ধূপগুড়িতে লরির ধাক্কায় ট্রেলারের তেলের ট্যাঙ্ক ফেটে বিপত্তি

জেলা

ফের জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচলের জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ধূপগুড়ি। মঙ্গলবার রাতে ধূপগুড়ি চৌপতি এলাকায় একটি চলন্ত ট্রেলারে লরির ধাক্কায় ফেটে যায় তেলের ট্যাঙ্ক। মুহূর্তে রাস্তা ভেসে যায় ডিজেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অভিযোগ, ঘাতক লরিটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গয়েরকাটার দিক থেকে একটি বিশালাকার ট্রেলার জলপাইগুড়ির অভিমুখে যাচ্ছিল। চৌপতি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী লরি সজোরে সেটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ট্রেলারের ডিজেল ভর্তি ট্যাঙ্কটি ফেটে যায়। নিমেষের মধ্যে জাতীয় সড়কের ওপর কয়েকশো লিটার ডিজেল ছড়িয়ে পড়ে।
রাস্তায় তেল ছড়িয়ে পড়ায় অগ্নিকাণ্ডের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় তাঁরা তৎক্ষণাৎ ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় লরি ও ট্রেলার দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের দাবি, লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন। মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রেলারটিকে ধাক্কা মারেন তিনি। রাস্তায় তেল পড়ে থাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলে সমস্যা হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় বড়সড় কোনো প্রাণহানি না ঘটলেও, ব্যস্ততম চৌপতি এলাকায় ট্রাফিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment