KMC

ভাতার টাকা দিচ্ছে না রাজ্য, ব্যাখ্যা দিতে ব্যস্ত কলকাতার মেয়র

কলকাতা

কলকাতা কর্পোরেশন স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান। তবে তার অধিবেশন কেটে গেল রাজ্য সরকারি প্রকল্প বাস্তবায়নের সমস্যা নিয়ে। 
বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনের অধিবেশনে আলোচনা চলল বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী নিয়ে। ভোটার তালিকা অনুযায়ী উপভোক্তাদের তালিকা করার প্রস্তাব দিলেন তৃণমূলের কাউন্সিলরা। কিন্তু বাদ পড়ল কর্পোরেশন পরিচালিত স্কুল বা স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত আলোচনা। 
সেই সঙ্গে উঠে এসেছে যে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন না উপভোক্তারা। বস্তুত তৃণমূলের কাউন্সিলররাই এই প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশন হয়েছে। এদিনের অধিবেশনে কলকাতা কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ইলোরা সাহা প্রশ্ন করেন যে প্রান্তিক অংশের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য নির্ধারিত বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বহু মানুষ পাচ্ছেন না। ‘দুয়ারে সরকার‘ ও ‘আমাদের পাড়া আমাদের সমাধান‘ ক্যাম্পে আবেদনের পরও অনেকে এই টাকা পাননি। তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্য টাকা কবে দেওয়া হবে, তার একটি সঠিক দিশা কর্পোরেশন দেখাবে কিনা।  
এই প্রশ্নের উত্তরে মেয়র পারিষদ সদস্য মিতালি ব্যানার্জি বলেন, "বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা রাজ্য সরকারের নারী শিশু ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বরাদ্দ হয়। সেখান থেকেই উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পান। আমরা সেই দপ্তরের কাছে জানাবো টাকা বন্ধ রয়েছে।’’ 
কাউন্সিলররাই বলেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন বিধি লাগু হওয়ার পর রূপশ্রী প্রকল্পের টাকা থেকে বহু মেয়েরা বঞ্চিত হয়েছেন। এই সময়কালে যাদের বিবাহ হয়েছে তাদের কিভাবে ওই প্রকল্পের টাকা পাওয়া যাবে সে নিয়ে প্রশ্ন করেন ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। 
এই প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পর রাজ্যের সমস্ত ক্ষমতায় নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে। রাজ্যের চিফ সেক্রেটারি কাছে অনুমতি চাওয়া হয়েছিল এই টাকাগুলো যাতে পাঠানো যায়। কিন্তু কোন নির্দিষ্ট সিদ্ধান্ত চিফ সেক্রেটারি নেননি। তাই এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই।" 
মেয়রের মন্তব্য থেকে স্পষ্ট যে বহু মানুষ সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। মেয়র আদর্শ আচরণ বিধিকে ঢাল করার চেষ্টা করলেও, তৃণমূল কাউন্সিলরদের প্রশ্নেই তা সবার সামনে চলে আসছে। ওই তৃণমূল কাউন্সিলরই অধিবেশনে প্রশ্ন করেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান‘ প্রকল্পে যে যে বুথে টাকা বরাদ্দ হয়নি সেই টাকা কত দিনের মধ্যে বরাদ্দ হবে। 
কলকাতা কর্পোরেশনের বাম পরিষদীয় দলনেতা মধুছন্দা দেব বলেন, "কলকাতার মানুষের সমস্যা নিয়ে কোনও আলোচনায় হচ্ছে না অধিবেশনে। কর্পোরেশনের একটা দায়িত্ব রয়েছে কলকাতাবাসীর প্রতি। মানুষকে পরিষেবা প্রদান করা, রোজের সমস্যার সমাধান করার জন্যই তো রয়েছে কর্পোরেশন। সেই কাজ হচ্ছে না বলেই আলোচনাতেও সে কথা আসছে না। 
তিনি আরও বলেন, "চলতি বছর কলকাতা কর্পোরেশনের ভোট রয়েছে। তার আগে শাসক বিরোধী সকলে আলোচনা করে যা যা কাজ বাকি আছে তা কী ভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা উচিৎ।"

Comments :0

Login to leave a comment