এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেল অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ। মালদার গাজোলের কর্কচ অঞ্চলের বাচাহার গ্রামে ওই গৃহবধূ অনিতা খাতুনের মৃত্যুতে এই অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
মৃত অনিতা খাতুনের বয়স ৩২। তাঁর স্বামী ইনজামামুল হক কৃষক। তাঁদের দুই সন্তান রয়েছে।
পরিবারের বক্তব্য, ১৭ আগস্টের পরই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার কথা ছিল। সেই আশায় পরপর তিন দিন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট পরীক্ষা করেন অনিতা। কিন্তু টাকা না ঢোকায় হতাশ হয়ে পড়েন তিনি। এই বিষয়কে কেন্দ্র করে স্বামীর সঙ্গে তাঁর অশান্তি চরমে ওঠে বলে পরিবারের দাবি।
শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে অনিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে শামিল হচ্ছেন মহিলারা। বহু জায়গায় বিডিও দপ্তরে বিক্ষোভ হচ্ছে। নির্বাচনের আগে বিজেপি এই প্রকল্প সর্বজনীন বলেই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গড়ার পর নাম বাদ দেওয়া হয়।
Gazole Death
গাজোলে মহিলার অস্বাভাবিক মৃত্যু, অন্নপূর্ণার টাকা না মেলার অভিযোগ
×
Comments :0