North Bengal Weather

দার্জিলিঙ-কালিম্পঙে অতিভারি বর্ষণের আশঙ্কা

রাজ্য জেলা

দার্জিলিঙ পার্বত্য অঞ্চলে ক্রমশই বৃষ্টিপাতের পরিমান বাড়ছে। স্বাভাবিকভাবেই পাহাড়ি নদীগুলোতে জলস্ফীতি ঘটেছে। নদীগুলো খরস্রোতা হয়ে উঠেছে। লাগাতার বৃষ্টি ও বৃষ্টির পরিমান উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াতে পাহাড়ি ঝর্নাগুলিও জলে টইটম্বুর। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে দার্জিলিঙের পাগলাঝোরা জলপ্রপাত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। জলপ্রপাত থেকে প্রবল বেগে জল বইতে শুরু করেছে। অনেক উঁচু থেকে প্রবল ধারায় জল নেমে প্রধান সড়কের ওপর আছড়ে পড়ছে। যেকারণে ওই রাস্তা দিয়ে যাতায়াত আপাতত বন্ধ করা হয়েছে। দার্জিলিঙ ও কালিম্পঙ জেলার পার্বত্য অঞ্চলে আগামী দুই তিনদিন বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে সিকিম আবহাওয়া দপ্তর। আবাহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আগামী দুইদিনের পর ১৯ জুলাই পরিস্থিতি আরোও খারাপ হবার ইঙ্গিত মিলেছে। দুই পাহাড়ি জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবেই প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়ে ভূমিধসের প্রবনতা বৃদ্ধি পাবে। সংবেদনশীল এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা তৈরী হয়েছে। দার্জিলিঙ ও কালিম্পঙ ছাড়াও উত্তরের জেলাগুলিতে আগামী সাতদিন পর্যন্ত দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারি বৃষ্টির সতর্কতা থাকছেই। এছাড়াও উত্তরের সমস্ত জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। টানা প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলির নীচু এলাকা ও আন্ডারপাসগুলিতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে অনুমান করে ইতোমধ্যেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

Comments :0

Login to leave a comment