Gaza Death Four Times

ইজরায়েলের হামলায় গাজায় মৃত্যু বেড়েছে চার গুনের বেশি

আন্তর্জাতিক

ইজরায়েলের আগ্রাসনের জেরে গাজায় মৃত্যু বেড়েছে চার গুনেরও বেশি। ইজরায়েলের হামলায় মৃত্যু তো রয়েছেই। পাশাপাশি জনস্বাস্থ্য পরিকাঠামো ধ্বংস করে দেওয়ায় ব্যাপক মাত্রায় আক্রান্ত হচ্ছেন গাজাবাসী। উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে শিশুরা।
গাজার স্বাস্থ্য অধিকর্তা ডাঃ মুনির আল বার্স বিশদে তথ্য দিয়ে জানিয়েছেন যে সব মিলিয়ে ২০২৫ সালে গাজায় মৃতের নথিভুক্ত সংখ্যা ২৪ হাজার ৬৫০। ২০২২-এ এই সংখ্যা ছিল ৬ হাজার ৬১। 
গাজায় লাগাতার আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। প্যালেস্তাইনের আরেক প্রান্ত জেরুজালেমেও চলছে আগ্রাসন। গাজায় নিয়মিত বোমা ফেলা হচ্ছে হাসপাতালে, ধ্বংস করা হচ্ছে নিকাশি পরিকাঠামো। এমনকি বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রও ধস্ত করে দিয়েছে ইজরায়েলের বাহিনী। 
গাজার প্রশাসন জানাচ্ছে ২০২২ থেকে ২০২৫’র মধ্যে গাজায় মৃত্যুর হার বেড়েছে লাফিয়ে। প্রতি ১ হাজার পিছু ২.৮ মৃত্যু থেকে বেড়ে এই হার হয়েছে ১১.৫৯। 
আল বার্স আন্তর্জাতিক মহলের পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘকে বিশেষ উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফকে তিনি বলেছেন, জ্বালানি প্রয়োজন। প্রয়োজন নিকাশি কাঠামো সারানোর ব্যবস্থা করা। এই বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি। 
তিনি বলেছেন, বহু মৃত্যুর কারণ ক্ষুধা এবং সংক্রমণ। জনস্বাস্থ্য পরিকাঠামোকে ইজরায়েল বিধস্ত করে দেওয়ায় বাড়ছে সংক্রমণ। তিনি বলেছেন, নিকাশি পরিকাঠামো ভেঙে পড়ায় দূষিত জল মিশে যাচ্ছে। 
গাজার প্রশাসন জানাচ্ছে, মেনিনজাইটিসের সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক মাত্রায়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।  
মুনির আল বার্স বলেছেন, গাজার শিশুদের বাঁচাতে হলে নিশ্চিত করতে হবে যাতে তারা স্বাস্থ্যসম্মত পানীয় জল পায়। হাসপাতালে যাতে চিকিৎসা করার ব্যবস্থা থাকে, তা নিশ্চিত করতে হবে।

Comments :0

Login to leave a comment