Women Hockey

সাত গোলের জয়েও প্রচারে ব্রাত্য সালিমারা

খেলা

 মাঠে ভারতীয় মহিলা হকি দলের দাপট। থাইল্যান্ডের বিপক্ষে সাত গোলের জয়। গ্যালারিতে উপচে পড়া ভিড়। অথচ ম্যাচ শেষে প্রচারের আলোয় সবচেয়ে বেশি জায়গা পেলেন না দেশের এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা হকি দলের সদস্যরা। বরং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে যেন আড়ালেই চলে গেলেন ভারতীয় খেলোয়াড়রা। ভোপালে আন্তর্জাতিক হকির প্রথম প্রতিযোগিতার আয়োজন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে আয়োজকদের ভূমিকা নিয়ে।
রবিবার ভারত-থাইল্যান্ড ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই স্টেডিয়ামের মাইক্রোফোনে বেজে ওঠে জনপ্রিয় গান। এর পরেই নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে মাঠে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী। দর্শকদের দিকে হাত নেড়ে, উচ্ছ্বাস প্রকাশ করতে করতে মাঠে এগিয়ে যান তাঁরা। তখনও খেলোয়াড়রা ম্যাচ-পরবর্তী সৌজন্য বিনিময় করতে পারেননি। খেলোয়াড়দের প্রাপ্য সম্মান পিছনের সারিতে চলে যায় তখনই।
আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ, প্রচারে বিপুল অর্থ ও উদ্যোগ ব্যয় করা হলেও খেলোয়াড়দের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। স্টেডিয়ামে যাওয়ার পথে অসংখ্য প্রচারমূলক ব্যানার লাগানো হয়েছে। সেগুলির অধিকাংশেই রয়েছেন প্রধানমন্ত্রী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং সরকারি আধিকারিকদের। ভারতীয় দলের অধিনায়ক সালিমা টেটে কয়েকটি ব্যানারে জায়গা পেলেও বাকি খেলোয়াড়দের ছবি প্রায় নেই। এমনকি অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতশিল্পীরাও প্রচারের ক্ষেত্রে বেশি গুরুত্ব পেয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মধ্য প্রদেশের প্রাক্তন হকি তারকাদের সম্মান জানানো হয়। এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা দলের পক্ষ থেকে অধিনায়ক সালিমা এবং নবনীত কাউর মুখ্যমন্ত্রীর হাতে দলের স্বাক্ষর করা একটি জার্সি ও হকি স্টিক তুলে দেন। তার পরেও খেলোয়াড়দের যথাযথভাবে সম্মান জানানোর ক্ষেত্রে আয়োজকদের উদ্যোগ দেখা যায়নি।
দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিনামূল্যে প্রবেশের ছাড়পত্র থাকায় প্রতিটি ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। স্টেডিয়ামে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ ঢুকে পড়েন। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
ম্যাচ চলাকালীন অন্য স্টেডিয়ামে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের চলছিল। ফলে, বলের লড়াইয়ের বদলে বলিউডের গানই বেশি শোনা গিয়েছে। আয়োজনের এই অব্যবস্থাও চোখ এড়ায়নি। হকির আসরে শেষ পর্যন্ত প্রচারের কেন্দ্রে খেলোয়াড়রা, নাকি রাজনৈতিক ব্যক্তিত্বরা—ভোপালের আয়োজন সেই বিতর্কই সামনে এনে দিল।

Comments :0

Login to leave a comment