আইটি ও আইটিইএস কর্মীদের ছাঁটাই বন্ধ করতে হবে। নূন্যতম মজুরি নির্দিষ্ট কর্ম সময় ওভার টাইমের পারিশ্রমিক দিতে হবে, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ‘রাইট টু ডিসকানেক্ট’ অর্থাৎ প্রতিদিনের কাজের শেষে অফিসের সমস্ত কাজ থেকে বিরত থাকার অধিকারকে স্বীকৃতি দিতে হবে।
এমন একগুচ্ছ দাবি নিয়ে সিআইটিইউ’র ডাকে ১-৩ ডিসেম্বর দিল্লি অভিযানের শামিল হচ্ছেন তথ্য প্রযুক্তি কর্মীরা। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত শ্রমিক এবং কর্মচারীরা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গণহারে ছাঁটাই করছে মাইক্রোসফ্টের মতো সংস্থা। আরেকদিকে শ্রম আইনের তোয়াক্কা না করে বিপুল মুনাফা তৈরি করা হচ্ছে। শ্রমিকদের ন্যূনতম সুরক্ষা থাকছে না। মহিলা কর্মীদের দেওয়া হয় না মাতৃত্বকালীন ছুটি। তার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন তথ্য প্রযুক্তি কর্মীরা।
মঙ্গলবার ময়দানের জীবন বিমা ভবনের সামনে সভা করলেন ডিজিটাল প্রফেশনাল অ্যান্ড আলাইড ওয়ার্কার্স ইউনিয়ন (ডিপিএডব্লিউইউ)। এদিনের সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ কলকাতা জেলা সাধারণ সম্পাদক দেবাশিস রায়, রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য সুরজিৎ বসু, ডিপিএডব্লিউইউ’র কলকাতার কনভেনর প্রতীপ দাশগুপ্ত সহ নেতৃবৃন্দ।
ডিসেম্বরের গোড়াতেই দেশের শ্রমিকশ্রেণি দখল নেবে দিল্লির রাজপথের। চারটি শ্রম কোড বাতিল, দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি ও ৪২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ চলবে দিল্লির রামলীলা ময়দানে। সিআইটিইউ’র ডাকে এই বিক্ষোভ শামিল হবেন দেশের ৫ লক্ষ শ্রমজীবী মানুষ।
সভায় নেতৃবৃন্দ বলেছেন, লেবার কোড চালু হওয়ার পর দৈনিক ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হবে। শ্রমিক কর্মচারীরায় কাজ করে কোম্পানির জন্য মুনাফা তৈরি করছি, কিন্তু সেই শ্রমিকদেরই অতিরিক্ত সময় কাজের কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, যে কোন সময় ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি মাইক্রোসফটের ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করে দেওয়া হল, নয়্ডার কম্পানি গুলিতে দেখা গিয়েছে দুপুর বেলা পর্যন্ত চাকরি রয়েছে বিকেলবেলা মেইল যাওয়ার পরে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। কর্মচারীরা কাজ করছে আর কর্পোরেট মালিকরা সেই লাভ ঘরে নিয়ে যাচ্ছে। শ্রমিক কর্মচারী হিসেবে মর্যাদাটুকু দিতে চায় না কর্পোরেট কোম্পানিগুলি। মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটির কোন বন্দোবস্ত থাকে আইটি সেক্টরে। পিএফ গ্র্যাচুইটি বা পেনশনের কোনও বন্দোবস্ত নেই। কেন্দ্রে সরকার কোম্পানিগুলির পক্ষেই কথা বলছে। আমরা কেন্দ্রে সরকারকেই হুঁশিয়ারি দিতে আমাদের দাবি নিয়ে দিল্লি অভিযান করব।
সংগঠনের বলেছে, আইটি ও আইটিইএস কর্মীদের চাকরি থেকে ছাঁটাই চলছে নিয়মিত। স্থায়ী কর্মীদের চাকরি নিরাপত্তা নিশ্চিত নয়, অস্থায়ীদের অবস্থা আরও শোচনীয়। কাজের নির্দিষ্ট কর্মসময় নেই। ওভারটাইম করলেও যথাযথ পারিশ্রমিক পাওয়া যায় না।
Comments :0