আমেরিকার অবরোধে বেহাল হয়ে পড়েছে কিউবার জনজীবন। স্বাস্থ্যক্ষেত্রে প্রভাব মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অধিকর্তা টেড্রস আধানম ঘেব্রেইসাসকে পরিস্থিতি বিশদে জানালো কিউবা।
গত জানুয়ারি থেকে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক কিউবার ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করে। এরপর থেকে এই সংকট আরও তীব্র হয়েছে। এর আওতায় কিউবায় তেল সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। দ্বীপটিতে শাসন পরিবর্তনের লক্ষ্যে অতিরিক্ত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অধিকর্তাকেই এই দু্র্যোগের কথাই সরাসরি জানাল কিউবার সরকার।
গত রবিবার তিন দিনের সফরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঘেব্রেইসাস পৌঁছেছিলেন কিউবায়। প্রধান অধিকর্তা হওয়ার পর এটি ছিল তাঁর দ্বিতীয় সফর। এই সফরের উদ্দেশ্য ছিল কিউবার স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সঙ্কটের মূল্যায়ন করা। এছাড়া ক্রমবর্ধমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহায়তা পাওয়ার বিষয়টিও ছিল বিবেচনায়।
হাভানায় পৌঁছানোর পর তাঁকে কিউবার জনস্বাস্থ্যমন্ত্রী হোসে আনহেল পোর্তাল এবং কিউবায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন-এর প্রতিনিধি মারিও ক্রুজ স্বাগত জানান।
কিউবায় পৌঁছে ঘেব্রেইসাস বলেন, তিনি সরাসরি কিউবার মানুষের থেকে জানতে চান যে কী ধরনের সহায়তা তাদের দেওয়া যেতে পারে। কীভাবে আন্তর্জাতিক সংহতি গড়ে তোলা সম্ভব। তিনি নিজে বিষয়টিকে সরেজমিনে খতিয়ে দেখতে চান। ‘প্রেনসা লাতিনা’ জানিয়েছে যে ঘেব্রেইসাস এমন এক সময়ে এই সফরে যান, যখন বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক নানা জটিলতা দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। মার্চ মাসের সফরে এসে ঘেব্রেইয়েসুস পরিস্থিতিটিকে ‘গভীরভাবে উদ্বেগজনক‘ বলে বর্ণনা করছিলেন। তিনি সতর্ক করেন যে, জ্বালানি সংকটের কারণে কিউবার পক্ষে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
আমেরিকার অবরোধে কিউবার অত্যন্ত উন্নত স্বাস্থ্য পরিষেবার ওপর প্রভাব পড়ছে উদ্বেগজনক মাত্রায়। হাসপাতালে জরুরি বিভাগ এবং আইসিইউ চালানো কঠিন হয়ে পড়ছে।
ঘেব্রেইয়েসুস বলেছেন যে জনস্বাস্থ্যের বিষয়টি জ্বালানি সঙ্কট বা ভূ-রাজনৈতিক সমস্যা তৈরি করে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। তিনি বিদ্যুৎ সরবরাহ ফেরানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
কিউবা জানিয়েছে যে, বিদ্যুৎ বিভ্রাটের ফলে চিকিৎসা সরঞ্জাম, টিকাদান কর্মসূচি ও অস্ত্রোপচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া, স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি উপকরণেরও ঘাটতি দেখা দিয়েছে।
World Health Organization chief observes how sanctions are jeopardizing Cuba’s hospitals and vaccination efforts
অবরোধের মুখে বিপদে কিউবার হাসপাতাল-টিকাদান, দেখলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
×
Comments :0