New Generation'

নতুন প্রজন্মের ভাবনার অভিমুখ

সম্পাদকীয় বিভাগ

ভারতের বুকে সাম্যবাদী‍‌ আন্দোলন তথা ন্যায়, সমতা ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন জ্যোতি বসু ও সীতারাম ইয়েচুরি। তাঁদেরই নামাঙ্কিত প্রতিষ্ঠান জ্যোতি বসু সমাজ চর্চা কেন্দ্র ও সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন সমকালীন আন্তর্জাতিক বাস্তবতায় ভারতের বুকে সমাজতান্ত্রিক আন্দোলনের বিকাশ ও সমাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা, পর্যালোচনা ও মত বিনিময়ের অভিনব আয়োজন করে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জেন জি তথা নতুন প্রজন্মের ছাত্র-যুবদের ভাবনা, উপলব্ধি, প্রকাশভঙ্গি, ভাষা ইত্যাদি যা নজর কেড়েছে আমজনতার। সমাজ সভ্যতার বিকাশ এবং সময়ের পরিবর্তনের সঙ্গে প্রতিবাদের ভাষা, স্লোগান, আন্দোলনের ফর্ম বদলে যায় তার ছবি উঠে আসে এ যুগের জেন জি আন্দোলনের নেতাদের কথায়।
ইউরোপের দেশে দেশে ক্রমবর্ধমান ছাত্র বিক্ষোভ, আমেরিকায় দক্ষিণপন্থার বিরুদ্ধে মধ্যবাম ও বামমুখী প্রতিবাদী প্রবণতা, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে নতুন দাবিতে নতুন ধরনের প্রতিবাদী আন্দোলনে লক্ষ্য করা যাচ্ছে কম বয়সিদের অংশগ্রহণ। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে নতুন প্রজন্মের ছাত্র-যুবদের প্রতিবাদ-বিক্ষোভের জেরে জমানা বদল হয়ে গেছে। সমকালীন সময়ের অন্যতম প্রধান প্রবণতা চলমান বা চিরাচরিত আর্থ-সামাজিক কাঠামো তথা প্রচলিত সিস্টেমের বিরোধিতা। তার সামনে সারিতে থাকছে ছাত্র-যুবরা, বিশেষ করে শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা। সর্বত্রই দেখা যাচ্ছে তারা সিস্টেমের সমালোচনা করছে, বিরোধিতা করছে, বদলানোর দাবি জানাচ্ছে।
আধুনিক পুঁজিবাদী ব্যবস্থায় নয়া উদারবাদ গত তিন চার দশক ধরে যে সিস্টেম গড়ে তুলেছে তা নতুন প্রজন্মকে নানান স্বপ্ন দেখালেও বাস্তবে তার কিছুই সফল করতে পারেনি। নয়া উদারবাদ পুরানো কল্যাণকামী জাতি রাষ্ট্রকে ভেঙে বিশ্বায়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। পুঁজির, পণ্যের বিশ্বময় অবাধ বিচরণের সুযোগ দিলেও শ্রমের অবাধ বিচরণের সুযোগ দেয়নি। বৃহৎ বহুজাতিক একচেটিয়া পুঁজি দুনিয়া দখলদারির সুযোগ পেলেও মুনাফার অংশীদার সার্বভৌম দেশগুলি পায়নি। তেমনি বিশ্ব পুঁজিবাদের বহুজাতিক পুঁজি দেশে দেশে তাদের এজেন্ট বা সহযোগী কর্পোরেট তৈরি করলেও আদতে শ্রমজীবীদের স্বার্থে কিছু করেনি। ফলে অকল্পনীয় হারে আয় ও সম্পদের বৈষম্য বেড়েছে, ভোগ্যপণ্যের দাম বেড়েছে, কর্মসংস্থান তৈরি না করে বেকারি, আধা-বেকারি ও নিম্ন বেকারি বাড়িয়েছে। মানুষের রুজি বাড়ানোর ব্যবস্থা করেনি। ফলত বৈষম্য তীব্র থেকে তীব্রতর হয়েছে।
এই বাস্তবতা দেশে দেশে ছাত্র-যুব সমাজকে আশাহত করেছে। তাদের প্রতিবাদ-বিক্ষোভে স্বতঃস্ফূর্ত প্রণোদনা বাড়িয়েছে। সর্বোপরি সিস্টেম বদলের দাবিতে থিতু করেছে। জেন জি যে ভাষায় যে কথা বলছে, যে দাবি সামনে আনছে তার অন্তর্নিহিত সুরটা আসলে সমাজতান্ত্রিক ভাবনার মর্মবস্তু। তারা গণতন্ত্রের কথা, অংশগ্রহণকারী গণতন্ত্রের কথা বলছে। যুক্তিবাদ ও বিজ্ঞানকে তুলে ধরছে। ধর্মনিরপেক্ষতার কথা বলছে। বৈষম্য বিরোধী সমতার কথা বলছে। স্বচ্ছতার কথা বলছে। ন্যায়সঙ্গত বণ্টনের কথা বলছে। এসব বামপন্থীদেরই কথা।

Comments :0

Login to leave a comment