Road Accident In Purulia

পুরুলিয়ায় অটো- ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, জখম ৪

জেলা

যাত্রীবাহী অটোর সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় , আহত হয়েছেন ৪ জন। সোমবার ঘটনাটি ঘটে পুরুলিয়া -জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর শ্যামনগর রেলগেট ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকলকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরে হাসপাতালে কৌরাং গ্রামের বাসিন্দা আদিত্য মাঝির মৃত্যু হয়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন যাত্রী বোঝাই অটোটি বলরামপুর দিক দিয়ে আসার সময় শ্যামনগর এলাকায় মুখোমুখি ট্রেলারের ধাক্কা লাগে। ঘটনায় অটোতে থাকা চালক সহ ৫ জনই গুরুতর যখম হন। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায়। আহতরা হলেন কৌরাং গ্রামের বাসিন্দা লক্ষীরাম মাঝি, ঝাড়খণ্ডের চান্ডিল এলাকার বাসিন্দা দেবী কুমারী, আড়ষা থানার চাটুহাঁসা গ্রামের বাসিন্দা বুড়া টুডু, অটোচালক টাটার পারডি এলাকার বাসিন্দা মঙ্গল সিং। পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করেছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত অটো রিকশাটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গত কয়েক মাস ধরে বলরামপুর এলাকায় পথদুর্ঘটনা যেভাবে বাড়ছে তাতে চিন্তিত সকলেই।

Comments :0

Login to leave a comment