বাজ পড়ে মুর্শিদাবাদে তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিজন। মুর্শিদাবাদের লালগোলায় পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল শামসেরগঞ্জের দুই শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। সোমবার বিকেলে লালগোলা থানার রেনু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পদ্মার ভাঙন রোধের কাজ চলাকালীন আচমকা ঝড়-বৃষ্টি শুরু হলে কর্মরত শ্রমিকরা কাছাকাছি একটি আমবাগানে আশ্রয় নেন। শ্রমিকরা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও এক জায়গায় সাতজন শ্রমিক একত্রিত হয়েছিলেন। সেই সময় প্রবল বজ্রপাত হলে পাঁচজন গুরুতর জখম হন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ শেখ(২২)। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর গ্রামে। আহত তিনজনও একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মহব্বতপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।
এদিন বিকেলে বাজ পড়ে মৃত্যু হয়েছে সুব্রত ঘোষ(৩৬) নামে এক সিভিক ভলান্টিয়ারের। তিনি অন ডিউটি ছিল না। বড়ঞা থানার শাবলপুর গ্রামের বাসিন্দা শাবলপুর পঞ্চায়েত অফিসের কছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে বাজ পড়ে। গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Lightning Strike
বাজ পড়ে মুর্শিদাবাদে মৃত ৩
×
Comments :0