Voter List Dhupguri

ভোটার তালিকায় নতুন নাম বাদ দেওয়ার অভিযোগ ধূপগুড়িতে

জেলা

রাজ্য জুড়ে দীর্ঘদিনের বকেয়া পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠল ধূপগুড়ি পৌরসভা এলাকায়। বুথ স্তরে আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও কয়েকশো নতুন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় স্থান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০০ নতুন ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৌর এলাকার অন্তত ৪০টি বুথে নতুন ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার কথা ছিল। সংশ্লিষ্টদের দাবি, নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করার পর বুথ লেভেল অফিসারের মাধ্যমে যাচাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় বহু আবেদনকারীর নাম দেখা যায়নি। কী কারণে যাচাই সম্পন্ন হওয়ার পরেও নামগুলি বাদ গেল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিষয়টি নিছক প্রশাসনিক গাফিলতি নয়। সংশ্লিষ্ট কর্তাদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও অভিযোগের সত্যতা এবং নাম বাদ পড়ার প্রকৃত কারণ প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি।
পৌরসভার বাসিন্দা কৌশিক দত্তের অভিযোগ, তাঁর ছেলে নিয়ম মেনে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিলেন। বিএলও’র মাধ্যমে তাঁর আবেদন যাচাইও হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি। তাঁর দাবি, একই ভাবে আরও বহু তরুণ ও পরিবারের সদস্য ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেও বঞ্চিত হয়েছেন।
নতুন ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে দ্রুত তদন্তের দাবি উঠেছে। শিক্ষক সঞ্জয় ঘোষ বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কোনও ধরনের গাফিলতি বা পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত আবেদনকারীদের নাম নিয়ম মেনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, যাচাইয়ের পরেও কেন এতগুলি নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল না, প্রশাসনের কাছে তারও স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।
সিপিআই(এম)’র ধূপগুড়ি এরিয়া কমিটির যুব নেতৃত্ব নির্মাল্য ভট্টাচার্য অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, নিয়ম মেনে আবেদন ও যাচাইয়ের পরেও শত শত নতুন ভোটারের নাম বাদ পড়া কোনও সাধারণ প্রশাসনিক ত্রুটি নয়। ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত করে প্রকৃত আবেদনকারীদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

Comments :0

Login to leave a comment