CPIM PROTEST

সিপিআই(এম) দপ্তরে বিজেপির হামলা, প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ সভা

জেলা

রাতের অন্ধকারে জলপাইগুড়ি সিপিআই(এম) পার্টি অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে প্রতিবাদ সভা হয়েছে। দার্জিলিঙ জেলা বামফ্রন্টের ডাকে মঙ্গলবার বিকেলে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর প্রবীন সদস্য জীবেশ সরকার, দার্জিলিঙ জেলা সম্পদক সমন পাঠক, সিপিআই(এম) নেতা দিলীপ সিং, বামফ্রন্টের পক্ষে অনিরুদ্ধ বসু, অভিজিৎ মজুমদার, লক্ষ্মী মাহাতো প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সমন পাঠক। হামলার ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সংষ্কৃতিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। তাই আক্রমণের মাত্রাকে আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল। বিজেপি রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর একই কায়দায় রাজ্যের নানা প্রান্তে হামলা আক্রমণ চালাচ্ছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের দপ্তরে ভাঙচুর চালিয়ে দপ্তরের দখল নিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিরোধী রাজনৈতিক দলের নেতা বিশেষ করে বিরোধী বামপন্থী নেতাকর্মীদের ওপর নানাভাবে আক্রমণ নামিয়ে এনেছে। নানা মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে, গ্রেপ্তার করা জেল বন্দী করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করা সত্ত্বেও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিনা কারণে মানুষকে হেনস্তা করা হচ্ছে। কোনভাবেই পার্টি দপ্তরে হমালার ঘটনা বরদাস্ত করা হবে না। জলপাইগুড়ির ঘটনার সাথে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানান নেতৃবৃন্দ। 
জলপাইগুড়ি জেলা পার্টি দপ্তরে বিজেপি'র গুন্ডা বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার সিআইটিইউ ও দার্জিলিঙ জেলা চিয়া কামান মজদুর ইউনিয়নের ডাকে বাগডোগরাতে মিছিল হয়। মিছিল শেষে বাগডোগরা থানায় বিক্ষোভ কর্মসূচি চলে। কর্মসূচিতে নেতৃত্ব দেন গৌতম ঘোষ, শীতল দত্ত, প্রশান্ত মুখার্জি, দেবাশীষ গুহ সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment