cpim panihati

পানিহাটিতে সিপিআই(এম)’র প্রচারে হামলা বিজেপি’র বহিরাগতদের, আক্রান্ত পিতা-কন্যা

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

পানিহাটি বিধানসভার আগরপাড়ার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্তের প্রচারের সময় আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত হন সিপিআই(এম)’র কর্মী সুরজিৎ মুখার্জি এবং তাঁর কন্যা এলাকার ছাত্রী শ্রীলেখা। দু’জনেই পানিহাটির সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্তের পক্ষে প্রচার করছিলেন।
ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন পানিহাটির সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত। দ্রুত সংগঠিত হয়েছে প্রতিবাদ সভা। থানায় এফআইআর করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। 
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার সোমবার শেষ হয়েছে। এদিন বিকেলে প্রচার শেষের আগেই বামফ্রন্টের টোটো প্রচার চলার সময় আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ওই অঞ্চলেই বিজেপির পথসভা চলছিল। সেখান থেকে প্রচার বন্ধ করে চলে যাওয়ার জন্য বলে বিজেপি কর্মীরা। এরপরই হয় আক্রমণ। শ্রীলেখা জানান, "বহিরাগত বিজেপি কর্মীরা হঠাৎ করে টোটোর উপর এসে আক্রমণ করে। মাইকের তার ছিঁড়ে দেওয়া হয় আমার বাবা ও আমাকে মারধর করে। উপস্থিত পুলিশ কর্মীরাও সেই পরিস্থিতিতে সামনে আসেনি। সহায়তাও করেনি তারা।"


এই আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কলতান দাশগুপ্ত। তিনি বলেছেন, "বিজেপি আসলে চরম নারী বিদ্বেষী দল তা আজকের ঘটনায় আবার প্রমাণ করল। অভয়ার বিচার এই বিজেপি দেয়নি। প্রধানমন্ত্রী পানিহাটিতে সভা করতে এসেও বিচারের কোনও কথা বলেননি। এখানেও মহিলার উপর ন্যক্কারজনক আক্রমণ করেছেন বিজেপি’র নেতারা। তাদেরকে আমরা এইটুকু মনে রাখতে বলব যে রাজনীতি কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না।" 
কলতান বলেছেন, ‘‘যখন উন্নাও-হাথরস হয়েছিল আর আরেকদিকে পার্ক স্ট্রিট থেকে আর জি কর চলছিল, তখন থেকে আমরা বারবার বলছি নারীদের সম্ভ্রম বিজেপি এবং তৃণমূল কারও হাতেই নিরাপদ নয়।’’ তিনি বলেন, ‘‘এটাই বিজেপি’র আসল চেহারা। এই চেহারাটা বুঝে নিয়েই এই বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাত করার কাজ করতে হবে। মহিলাদের সম্মান সম্ভ্রম রক্ষা করার কাজ বামপন্থীরা করবে।’’
কলতান অভিযোগ করেছেন যে বাইরে থেকে বহু লোক ঢোকানো হয়েছে পানিহাটিতে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিজেপি এবং তৃণমূল এই দুই শক্তি সম্পর্কেই সজাগ থাকার আবেদন জানান তিনি।

Comments :0

Login to leave a comment