Bangladesh-India Train Services

পুজোর আগেই ফের চালু হতে পারে ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবা

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতে চালু ছিল বর্তমানে বন্ধ এমন যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে আলোচনা হবে। আগামী মঙ্গলবার ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী এই বৈঠক। বৈঠকেই মৈত্রী বন্ধন ও মিতালী এক্সপ্রেস এই তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে রেল সূত্রের খবর। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেনগুলোর চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু রুটে চালনার আগ্রহের কথা জানাবে বাংলাদেশ রেলওয়ে।
দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকটি আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং আইজিআরএম) নামে পরিচিত। ঢাকার রেলভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠকের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়গুলো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের আধিকারিক জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে ট্রেন তিনটির চলাচল শুরুর ক্ষেত্রে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এই বিষয়ে দুই দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রক সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মতামত প্রয়োজন হবে। জানা গেছে মঙ্গলবারের বৈঠকে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরাও থাকবেন। তবে আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকেই আসবে বলে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন।
আইজিআরএম বৈঠকটি প্রতিবছর বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে। এবার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।
ঢাকা ও কলকাতার মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। খুলনা-কলকাতা চলাচল করে বন্ধন এক্সপ্রেস। মিতালী এক্সপ্রেস চলাচল করে ঢাকা-নিউ জলপাইগুড়ি। এই ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments :0

Login to leave a comment