Biman Basu on Kakababu

কাকাবাবুকে স্মরণ করে সাম্প্রদায়িক রাজনীতিকে মোকাবিলার আহ্বান বিমান বসুর

রাজ্য কলকাতা

বুধবার মহাজাতি সদনে মুজফ্‌ফর আহমদের জন্মদিবসের সভায় বিমান বসু।

প্রবল কষ্ট স্বীকার করেও কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিলেন কমরেড মুজফ্‌ফর আহমদ্‌। মানুষকে আকৃষ্ট করেছিলেন। আমাদের কাছে তা সর্বদা শিক্ষার।
মুজফ্‌ফর আহমদের ১৩৮ তম জন্মদিবস পালনের অনুষ্ঠানে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু। বুধবার মহাজাতি সদনে হয়েছে আলোচনা সভা। সভাপতিত্ব করেছেন বিমান বসু। বক্তব্য রেখেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য।


বিমান বসু বলেছেন, ১৯২৬ সাল। সাম্প্রদায়িক দাঙ্গায় যারা প্ররোচনা দিয়েছিল তাদের বিরুদ্ধে আহ্বান জানিয়েছিলেন কাকাবাবু। তিনি বলেছিলেন যে শাসকদের বিরুদ্ধে সংগ্রামকে দুর্বল করার কৌশল নেয় সাম্প্রদায়িক রাজনীতি। কাকাবাবু কেবল বলেননি। এই রাজনীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করেছিলেন।
বসু বলেন, আমাদের রাজ্যে সোহরাওয়ার্দি অ্যাভেনিউর নাম বদলাো হয়েছে। তার আসল উদ্দেশ্য মানুষের মধ্যে সংঘাত তৈরি করা। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই প্রয়াসকে প্রতিহত করতে হবে। কাকাবাবু এই কাজ করেছিলেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিতে হবে। 
এদিন মুজফ্‌ফর আহমদ স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। কেরালার ইতিহাসবিদ কে এন গনেশের লেখা এবং লেফটওয়ার্ড প্রকাশিত ‘দ্য ডায়ালেকটিক অব হিস্ট্রি: এ স্টাডি অব নেচার অ্যান্ড সোসাল প্রসেস’ এবং ইটাহার কলেজের বাংলার বিভাগীয় প্রধান আইরিন শবনমের লেখা এবং একুশ শতক প্রকাশিত বই ‘বাঙালি মুসলমান: সংস্কৃতির সংকট’ বই দু’টি নির্বাচিত হয়।

আইরিন শবনমকে পুরস্কার তুলে দেন বিমান বসু। গণেশ নিজে আসতে পারেননি। লেফটওয়ার্ডের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন মহম্মদ সেলিম। স্মারক তুলে দেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র। 

পুরস্কার কমিটির পক্ষে সিপিআই(এম) রাজ্যসম্পাদক মণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল আলম বই দু’টি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এদিনই প্রকাশিত হয় জেতা সাংকৃত্যায়নের লেখা বই। মার্কসবাদী পথ বইটি প্রকাশ করেছে। রাহুল সাংকৃত্যায়নের পুত্র জেতা সাংকৃত্যায়ন নিজে আসতে না পারলেও লিখিত বক্তব্য পাঠিয়েচিলেন। সভায় তা পড়ে শোনার সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি।

Comments :0

Login to leave a comment