Arambagh School Defacing Rabindranath Nazrul

রবীন্দ্রনাথ-নজরুলের ছবিতে কালি আরামবাগের স্কুলে, তীব্র ক্ষোভ

জেলা

আরামবাগের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক স্কুলের ভিতরে রবীন্দ্রনাথ ও নজরুলের ছবিতে কালি।

স্কুলের ভিতরে রবীন্দ্রনাথ ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ালো আরামবাগে।
বাংলার দুই মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে কালি লেপে দেওয়া হয়। ঘটনা আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির কারণে এখন বন্ধ রয়েছে বিদ্যালয়। সেই সুযোগে কে বা কারা স্কুলের ভিতরে ঢুকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে কালি লেপে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে এসে প্রথম বিষয়টি দেখতে পান। এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন। ঘটনাটি জানাজানি হতেই স্কুল চত্বরে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ।
দুই মহান মনীষীর ছবির প্রতি এমন অসম্মানজনক আচরণের ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তাঁদের ছবি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিকৃত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 
তবে কারা, কী উদ্দেশ্যে বিদ্যালয়ের ভিতরে ঢুকে এই ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। 
পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার পিছনে প্রকৃত কারণ কী এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্তের দাবি উঠেছে। 
উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে মনীষীদের অবমাননার একাধিক ঘটনা সামনে এসেছে। এমন প্রবণতা বাংলার সংস্কৃতির ওপর আক্রমণ বলে দেখছে বড় অংশ।

Comments :0

Login to leave a comment