জলবিদ্যুৎ প্রকল্পের খরচ ৯৯ শতাংশ কমিয়ে দিয়েছে আদানি গ্রিন এনার্জি। মহারাষ্ট্রের সাতারা জেলায় প্রকল্পের খরচ কমিয়ে দেওয়ার সঙ্গেই আদানি গোষ্ঠী কমিয়েছে বন্যপ্রাণ সংরক্ষণে স্থানীয় অভয়ারণ্যের জন্য জমা আমানতের অঙ্কও ২২৭ কোটি টাকা থেকে কমিয়ে ২.২৭ কোটি টাকা করেছে আদানি গোষ্ঠী।
প্রধানমন্ত্রীর অভিযোগ নিরসন সংক্রান্ত পোর্টালে গত ৩০ অক্টোবর অভিযোগ জমা পড়ে অভয়ারণ্যে আদানির জমা টাকার পরিমাণ কমিয়ে দেওয়ার জেরেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নামেও এরকম পোর্টাল রয়েছে। সেখানেও জমা পড়ে অভিযোগ। তার ভিত্তিতে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রাজ্যের বন দপ্তরকে চিঠি পাঠিয়েছে। গত ৬নভেম্বর পাঠানো চিঠিতে বলা হয়েছে যে আগ্রাধিকার দিয়ে প্রকল্প খরচ কমানো এবং তার জেরে বন্যপ্রাণ সংরক্ষণের তহবিলে আদানি গ্রিনের টাকা কমানোর কারণ খোঁজা হবে তদন্তে।
জাতীয় দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আদানি গ্রিন এনার্জি দাতারার জলবিদ্যুৎ প্রকল্পের খরচ ৯৯ শতাংশ কমিয়ে দিয়েছে। চুক্তি অনুযায়ী জলবিদ্যুৎ প্রকল্পের আর্থিক আয়তনের অনুপাতে বন্যপ্রাণ সংরক্ষণ এবং অভয়ারণ্যের জন্য টাকা দেওয়ার কথা। প্রকল্পের খরচ ৯৯ শতাংশ কমিয়ে সেই খাতেও আদানি নিজের দায় কমিয়ে দিয়েছে।
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান জয়রাম রমেশ যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছেন। রমেশ বলেছেন, গত এক দশকে ‘মোদানি কংগ্লোমারেট’ যেভাবে ফুলে ফেঁপে উঠেছে তা একেবারে নথিভুক্ত কেলেঙ্কারি। ২০২৩’র মার্চ থেকে কংগ্রেস যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করছে। যেভাবে অন্য সংস্থা একের পর এক দখল করছে তা নিয়েও তদন্তের দাবি ওঠে।
উল্লেখ্য, মহারাষ্ট্রে বিদ্যুৎ প্রকল্পটির খরচ ধরা হয়েছিল ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। সম্প্রতি শেয়ার বাজারে আদানি জানায় যে প্রকল্প ব্যয় ৫৬.৭৫ কোটি। প্রকল্পের খরচ ৯৯ শতাংশ কমে যায় কিভাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
Adani Green JPC Probe
বিদ্যুৎ প্রকল্পের খরচ ৯৯ শতাংশ কমালো আদানি, সংসদীয় তদন্তের দাবি
×
Comments :0