Buddhadev Bhattacharya

বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে শুরু অনুষ্ঠান

রাজ্য কলকাতা

কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন।

রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রয়াত সিপিআই(এম) নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ৮২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে রাজ্যজুড়ে। কলকাতায় আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে এই উপলক্ষে বিকেল সাড়ে তিনটেয় একটি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রমোদ দাশগুপ্ত ট্রাস্টের পক্ষ থেকে। ট্রাস্টের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের নামে একটি সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
সিপিআই(এম) জানিয়েছে, পশ্চিমবঙ্গকে গড়ে তোলার ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে তুলে ধরে বাংলায় বামপন্থার পুনরুত্থানের লড়াইকে জোরদার করতে চায় সিপিআই(এম)। সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রগতিশীল চিন্তাবিদদের যুক্ত করতে চায় এই লড়াইতে। সেই লক্ষ্যেই তাঁর জন্মদিবসে নানা অনুষ্ঠান হবে জেলাগুলিতে। নতুন প্রজন্মের আশা-আকাঙ্খাকে মর্যাদা দিয়ে বাংলার ভবিষ্যৎ গড়ে তুলতে বুদ্ধদেব ভট্টাচার্য যে দূরদর্শী উদ্যোগ নিয়েছিলেন তা ধ্বংস করেছে তৃণমূল এবং বিজেপি। শিল্পায়নের সম্ভাবনা ধ্বংসের মধ্য দিয়ে তারা বাংলার যুবদের স্বপ্নভঙ্গ করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য যে সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় মাথা তুলতে না দেওয়ার ঘোষণা করেছিলেন, তৃণমূল ও বিজেপি সেই সাম্প্রদায়িক শক্তির অবাধ বিচরণ ক্ষেত্র করে তুলেছে বাংলাকে। এখন বাংলাকে বাঁচাতে কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের পুনর্নির্মাণ করতে, বামপন্থার পুনরুত্থানের ডাক দিয়েই তাঁর জন্মদিবস পালিত হচ্ছে। এদিন কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানে ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা’ বিষয়ক আলোচনাসভায় অংশ নেবেন জহর সরকার, অধ্যাপক রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী এবং রঞ্জন প্রসাদ। সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী রাজশ্রী ভট্টাচার্য, অগ্নিড বন্দ্যোপাধ্যায় ও জয়ন্তী সোরেন। সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্য পরিবেশন করবেন ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা। প্রখ্যাত বাচিক শিল্পী ঊর্মিমালা বসু ও সুকুমার ঘোষ আবৃত্তি পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সুদীপ্ত রায় ও রুবি গান্ধী।

Comments :0

Login to leave a comment