Bomb Threat

কোচবিহারের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক

জেলা

বোমাতঙ্ক কোচবিহার মুখ্য ডাকঘরে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা নাগাদ ছড়ায় এই বোমাতঙ্ক। প্রতিদিনের ন্যায় এদিনও নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয় কোচবিহার শহরের সুনীতি রোডে অবস্থিত এই মুখ্য ডাকঘরে। হঠাৎই এদিন ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এই ডাকঘরকে খবর পাঠানো হয় রেড অ্যালার্টের। এরপরই তৎপরতার সাথে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় এই ডাকঘর। জানা যায়, এই ডাকঘরের পার্সেল সেকশনে বোমা রাখার খবরে এই তৎপরতা নেয় ডাকঘর কর্তৃপক্ষ। বেলা ১২টা থেকে বেলা ২টোর মধ্যে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা এই খবরের রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ডাকঘর সংলগ্ন এলাকায়।
এদিন কোচবিহার মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টার অদিতি পাটোয়ারি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে খবর আসে রেড অ্যালার্টের এবং তার সাথে পোস্ট অফিস বিল্ডিং ফাঁকা করার। এই নির্দেশ মোতাবেক তারা এদিন পোস্ট অফিস বিল্ডিং ফাঁকা করে দেন৷  
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মেইল করে এই ডাকঘর কর্তৃপক্ষকে জানানো হয় এই বোমা রয়েছে এরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে  তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বলা হয়।
রাজ্যে এসআইআরের কাজে বিচারকরা কাজ শুরু করার পরই কলকাতা-সহ গোটা রাজ্যের একাধিক জেলার আদালতে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেইল করা হয়েছে। আদালতে বোমা হুমকির আতঙ্ক কাটতে না কাটতেই এবার একাধিক পোস্ট অফিসে ই-মেলের মাধ্যমে বোমা রাখা হয়েছে বলে হুমকি ইমেল আসে। বাঁকুড়া, কোচবিহার, আসানসোল, হাওড়া ও বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন ডাকঘরেও একই ধরনের হুমকি মেইল মিলছে বলে জানা গেছে। 
কোচবিহারের মুখ্য ডাকঘরে নিজের কাজে আসা এক গ্রাহক জানান, তিনি পোস্ট অফিসে এসেছিলেন কাজে, এই সময় হঠাৎ হৈচৈ শুরু হয়, সকলকে পোস্ট অফিস থেকে বেড় করে দেওয়া হয়।  পরবর্তীতে জানা যায় পোস্ট অফিসের পার্সেল সেকশনে বোমাতঙ্ক ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment