Budget 2026

ব্যাঙ্ক ক্ষেত্রে উচ্চ ক্ষমতার কমিটি, পুনর্গঠন পিএফসি’র, বাজেট অভিমুখ বেসরকারিকরণের

জাতীয়

‘বিকশিত ভারত’ লক্ষ্য অনুযায়ী ব্যাঙ্কিং ক্ষেত্র পুনর্গঠনে উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগেই বিজেপি জোট সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রে বেসরকারিকরণের লষ্য জানিয়েছে। 
পুর্নর্গঠনের লক্ষ্য জানানো হয়েছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন, আরইসি’র। 
সম্প্রতি স্টেট ব্যাঙ্কের সিএস শেট্টি স্বীকার করেছিলেন যে ব্যাঙ্কে আমানত বাড়ছে না। তার জন্য তিনি যদিও দায়ী করেছিলেন শেয়ার বাজারে ইকুইটি বিনিয়োগে কর ছাড়ের নীতিকে। তবে অর্থনীতিবিদদের বড় অংশের বক্তব্য, খরচ মিটিয়ে সঞ্চয় করার মতো অর্থ হাতে থাকছে বিপুল জনসাধারণের। সে কারণে আমানত বাড়ছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। 
এবারও মূলধনী বিনিয়োগ এবং পরিকাঠামো বিনিয়োগে বৃদ্ধির লক্ষ্য জানিয়েছেন সীতারামন। তিনি বলেছেন ১১.২১ লক্ষ কোটি টাকা থেকে এবার লক্ষ্য ১২.২ লক্ষ কোটি টাকা মূলধনী বিনিয়োগ। গতবারের তুলনায় বৃদ্ধি ১০ শতাংশের আশেপাশে। কিন্তু কেন্দ্রের এই ঘোষণায় জুড়ে নেওয়া হয় রাজ্যগুলির বিনিয়োগকেও। আদতে চলতি অর্থ বর্ষে কেন্দ্র মূলধনী বিনিয়োগের লক্ষ্যে পৌঁছেছে কিনা বক্তব্যে এখনও জানাননি সীতারামন। 
ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডোরের ঘোষণা এবারও রয়েছে বাজেটে। উচগতির রেল করিডোরের ঘোষণা করেছেন সীতারামন। বাজেটে যে ৬টি এমন করিডোর তৈরির লক্ষ্য রয়েছে তার মধ্যে রয়েছে বারাণসী-শিলিগুড়ি। 
কোষাগারীয় ঘাটতি জিডিপি’র ৪.৪ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য জানিয়েছেন সীতারামন। এদিকে বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে দেশ ছেড়ে। যার দরুন সমানে কমছে টাকার দাম। তেল আমদানি ডলারের অঙ্কে মেটাতে গিয়ে চাপ পড়ছে কোষাগারে। 
সীতারামন ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি তৈরির ঘোষণা করেছেন যেখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হবে। হোটের পরিষেবা ক্ষেত্রের সঙ্গে সংযোগ গড়া হবে। বিদেশি মুদ্রা আয়ের দিকে তাকিয়ে গুরুত্ব দিতে চেয়েছেন পর্যটনে। বলেছেন ১০ হাজার প্রশিক্ষিত গাইড তৈরি করা হবে।

Comments :0

Login to leave a comment