CITU and Raja on ED Raid

ইডি তল্লাশি, দিল্লিতে আটকে ক্ষোভ রাজা, সিআইটিইউ’র

জাতীয়

বুধবার দিল্লিতে মিছিলে এমএ বেবি, বৃন্দা কারাত সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।

সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং কেরালার বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের বাসভবনে ইডি তল্লাশির প্রতিবাদ জানালো সিআইটিইউ-ও। কেন্দ্রীয় সংস্থা ইডি’র ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাও।
বুধবার সকালে বিজয়নের বাসভবনে তল্লাশিতে যায় ইডি। তাঁর কন্যার সংস্থা সংক্রান্ত একটি মামলাকে দেখিয়ে ইডি এই তল্লাশি করেছে। অথচ বিজয়নের নামে কোনও এফআইআর বা আইনি অভিযোগ দায়ের না করে চলেছে তল্লাশি। এই মামলায় বিভিন্ন সময়ে আদালত বলেছে যে পিনারাই বিজয়নের সঙ্গে বিষয়টির কোনও যোগ নেই। 
সিআইটিইউ বলেছে, স্রেফ রাজনৈতিক প্রতিহংসার মনোভাব থেকে হয়েছে তল্লাশি।  মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পরপরই এই পদক্ষেপ আতঙ্কের পরিবেশ তৈরির জন্য। 
এদিন দিল্লিতে প্রতিবাদে শামিল সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, বৃন্দা কারাত সহ নেতৃবৃন্দকে গ্রেপ্তারিরও কড়া সমালোচনা করেছে সিআইটিইউ। 
বিবৃতিতে বলা হয়েছে, দেশের মানুষ এই রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ করবেন। এমন পদক্ষেপ নিয়ে জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সিআইটিইউ সাধারণ সম্পাদক এলামরাম করিম বলেছেন, ‘‘জনবিরোধী নয়া উদারবাদের বিপক্ষে এবং জনতার অধিকার রক্ষার পক্ষে আন্দোলন জারি রাখবে সিআইটিইউ। পাশাপাশি বিরোধী স্বর দমনের এই চেষ্টাকেও প্রতিহত করা হবে।‘‘
ইডি-র এই পদক্ষেপকে ‘স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা‘ আখ্যা দিয়েছেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাও। 
রাজা বলেছেন, ‘‘বিরোধী স্বর এবং বিরোধী পরিচালিত রাজ্যের বিরুদ্ধে বারবার ইডি-কে ব্যবহার করা গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে বিপজ্জনক।’’
সিপিআই সাধারণ সম্পাদক বলেছেন, ‘‘বিরোধীদের মুখ বন্ধ করা এবং ভীত করার এই স্বৈরতান্ত্রিক প্রয়াসের বিপক্ষে সব গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে শামিল সব শক্তিকে একজোট হতে হবে।’’

Comments :0

Login to leave a comment