এসআইআর ট্রাইবুনালে আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ। এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের সিইও দপ্তরে চিঠি পাঠালো সিপিআই(এম)।
গতকাল, ২৫ নভেম্বর, হাওড়ার জগাছা বা সাঁতরাগাছির মতো এলাকায় বাড়ি বাড়ি যায় পুলিশ। নাম বাদ দেওয়ায় ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন এমন বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নথি চায় পুলিশ। জগাছা থানার পুলিশকে ‘গণশক্তি’ থেকে ফোন করা হলে বলা হয় ‘ওপরতলার নির্দেশ’। কিন্তু বাসিন্দারা নির্দেশের কপি দেখতে চাইলে দেখাতে পারেনি পুলিশ। (আরও পড়ুন: এসআইআর ট্রাইবুনালে আবেদনকারীদের নথি চাইতে এলাকায় পুলিশ, বিভ্রান্তি জগাছায়)
গতকালই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিবৃতি দিয়ে পুলিশের এই ভূমিকার প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করে বলেন যে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা নিয়ে নথি জোগার করা পুলিশের কাজ নয়। কে ভোটার কে ভোটার নয় তা দেখা পুলিশের কাজ নয়।
সিপিআই(এম) রাজ্য কমিটির পাঠানো চিঠিতে সিইও’র কাছে প্রশ্ন তোলা হয়েছে যে কে পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহের নির্দেশ পাঠিয়েছে তা স্পষ্ট করতে হবে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন দারার উল্লেখ করে বলা হয়েছে, ভোটার তালিকা তৈরি এবং নজরদারির দায়িত্ব নির্বাচন কমিশনের। পুলিশের নয়। রাজ্যের সিইও দপ্তর এই দায়িত্ব পালন করে। ইআরও-রা কমিশনের নির্দেশ মতো তালিকা সংশোধন করে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাতে পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইবুনালে বাদ পড়া ভোটারদের আবেদন আগে বিবেচনা করা হয়। ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেওয়া হয় নির্বাচন কমিশনকে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, সিইও দপ্তরে সিপিআই(এম) রাজ্য কমিটির পক্ষে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি। চিঠিতে সিইও-র কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক কার নির্দেশে পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা বাড়ি বাড়ি যাচ্ছে নথি চাইতে? তাদের যদি এই দায়িত্ব দেওয়া হয় তা’হলে সেই নির্দেশের কপি কোথায়? কার নজরদারিতে এই কাজ চলছে?
সিপিআই(এম)’র দাবি, বাড়ি বাড়ি ঘুরে নথি পরীক্ষা সংক্রান্ত নির্দেশের কপি প্রকাশ করতে হবে। এই নির্দেশ কারা দিয়েছে তাদের নাম এবং পরিচয় প্রকাশ করতে হবে। জেলার নির্বাচনী আধিকারিক বা ডিইও এবং পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ পাঠাতে হবে যাতে নাগরিকদের হেনস্তা না করা হয়। বাড়ি বাড়ি ঘুরে পুলিশের নথি পরীক্ষার ব্যাখ্যা জনতার কাছে প্রকাশ করতে হবে।
Comments :0