সংবিধান দিবসকেও রাজনৈতিক আক্রমণের মঞ্চ হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালুর চেষ্টা করছে বিরোধী শিবিরের বৃহত্তম দল এই অভিযোগ তুলে কংগ্রেসকে নিশানা করলেন তিনি। একই সঙ্গে সংসদে বিরোধীদের ভূমিকা নিয়ে কটাক্ষ, মহিলাদের সংরক্ষণ বিল পাশ না হওয়ার দায় বিরোধীদের উপর চাপানো এবং অতীতের কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী। সংবিধান দিবসে তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে মোদী অভিযোগ করেন, বিরোধী শিবিরের বৃহত্তম দল ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চায়। সরাসরি কংগ্রেসের নাম না করলেও তার আক্রমণের লক্ষ্য যে কংগ্রেস, তা স্পষ্ট। এই প্রস্তাবকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করে আম্বেদকরের নামও টেনে আনেন প্রধানমন্ত্রী। তার দাবি, সংবিধান প্রণেতারা এই ধরনের সংরক্ষণের বিরোধী ছিলেন।
তবে সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যেই উঠছে পাল্টা প্রশ্ন। সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের প্রশ্নকে ধর্মীয় মেরুকরণের সঙ্গে জুড়ে দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য কী? সংবিধানের সামাজিক ন্যায়বিচারের দর্শনকে সামনে রেখে জাতপাত, শ্রেণি ও আর্থসামাজিক বৈষম্য দূর করার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। সংরক্ষণ নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও তাকে হিন্দু-মুসলিম বিভাজনের চশমায় দেখানোর প্রবণতা উদ্বেগজনক বলেই মনে করছে বিরোধী মহলের একাংশ।
সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও আক্রমণ করেছেন মোদি। তার বক্তব্য, বিরোধীরা বিরোধী পক্ষের বদলে ‘অবরোধ পক্ষ’ হয়ে উঠেছে। কিন্তু সংসদে সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করা, প্রশ্ন তোলা এবং জবাবদিহি দাবি করা বিরোধীদের সাংবিধানিক দায়িত্বেরই অংশ। সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা মানেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা এমন ব্যাখ্যা নিয়েও প্রশ্ন উঠছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা এবং বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ কতটা নিশ্চিত হচ্ছে, সেই প্রশ্নও এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবিত বিল পাশ না হওয়ার দায়ও বিরোধীদের উপর চাপিয়েছেন মোদী। চলতি বছরের এপ্রিলে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিল প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় লোকসভায় পাশ হয়নি। তবে বিরোধীদের আপত্তির কেন্দ্রে ছিল মহিলাদের সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসকে যুক্ত করা। বিরোধীদের বক্তব্য ছিল, এই সংযোগের ফলে শুধু মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো নয়, দেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যেও বড়সড় পরিবর্তন আনার চেষ্টা হতে পারে।
অথচ মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর প্রশ্নে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাস্তব সমস্যাগুলির সমাধান কীভাবে হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর নিবন্ধে বিস্তারিত আলোচনা নেই। বিলের সঙ্গে ডিলিমিটেশন যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়েও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। বিরোধীদের আপত্তির কারণগুলি এড়িয়ে গিয়ে তাদেরই নারীস্বার্থবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন মোদী।
এর পাশাপাশি স্বাধীনতার পর দীর্ঘ পাঁচ দশক দেশ শাসন করা কংগ্রেসের বিরুদ্ধে সংবিধান দুর্বল করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী। ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনী এবং জরুরি অবস্থার সময় আনা ৪২তম সংশোধনীর প্রসঙ্গ তুলে অতীতের কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন তিনি। ৩৮তম ও ৩৯তম সংশোধনী খতিয়ে দেখার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন।
সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বিভিন্ন রাজ্যের নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার ঘটনাও তুলে ধরেছেন মোদী। তার দাবি, একটি দল প্রায় একশো বার এই অনুচ্ছেদের অপব্যবহার করেছে। কিন্তু রাজ্যগুলির নির্বাচিত সরকারের উপর কেন্দ্রের হস্তক্ষেপের প্রশ্নে বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে যে বিতর্ক রয়েছে, সেই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্রের দায়বদ্ধতা নিয়েও কোনও আত্মসমালোচনা নেই প্রধানমন্ত্রীর নিবন্ধে।
জম্মু ও কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকেও সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেছেন মোদী। তার দাবি, এই বিশেষ মর্যাদার কারণে সাত দশকেরও বেশি সময় ধরে তফসিলি জাতি, তফসিলি জনজাতি, ওবিসি সম্প্রদায় এবং মহিলারা পূর্ণ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০১৯ সালে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। কিন্তু জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার, নির্বাচিত সরকারের পূর্ণ ক্ষমতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে যে প্রশ্নগুলি রয়েছে, সেগুলির কোনও উল্লেখ নেই নিবন্ধে।
মাওবাদী কার্যকলাপের অবসানকে ‘বিশেষ আনন্দের’ বিষয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তার দাবি, এর ফলে আদিবাসীরা এখন ভয়মুক্ত পরিবেশে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। পাশাপাশি ‘দিমাগী নকশাল’ বলে সমালোচকদের আক্রমণ করেছেন তিনি। কিন্তু আদিবাসী অধ্যুষিত অঞ্চলে জমি, বন, জল, খনিজ সম্পদ এবং কর্পোরেট স্বার্থকে কেন্দ্র করে যে সংঘাত, বাস্তুচ্যুতি ও অধিকার রক্ষার লড়াই চলছে, সেই বাস্তবতা প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপস্থিত। নিরাপত্তার প্রশ্নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও জীবন-জীবিকার প্রশ্নও যে সমান গুরুত্বপূর্ণ, তা উপেক্ষিত থেকেছে।
নিজের জীবনের দারিদ্র্য ও প্রতিকূলতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মোদী লিখেছেন, জন্মপরিস্থিতি আর ভবিষ্যতের সীমা নির্ধারণ করে না। বিশ্বব্যাঙ্কের রিপোর্ট উদ্ধৃত করে তার দাবি, দেশে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি। তবে দারিদ্র্য দূরীকরণের দাবি সত্ত্বেও মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মসংস্থানের অনিশ্চয়তা, শ্রমজীবী মানুষের আয় এবং সামাজিক বৈষম্যের প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে কোনও আলোচনা নেই।
সংবিধান দিবসে সংবিধান প্রণেতা ডঃ রাজেন্দ্র প্রসাদ, ডঃ বি আর আম্বেদকর এবং গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংবিধানকে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেছেন। কিন্তু সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে কোনও আত্মসমালোচনা করেননি তিনি।
সংবিধান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে দেশের মানুষের সামনে সংবিধানের অধিকার ও কর্তব্য, সংসদীয় গণতন্ত্রের মর্যাদা এবং সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রশ্ন তুলে ধরার সুযোগ ছিল। তার বদলে প্রধানমন্ত্রীর নিবন্ধের বড় অংশ জুড়েই রইল বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ এবং অতীতের সরকারকে কাঠগড়ায় তোলার চেষ্টা। সংবিধানের ৭৫ বছরের ইতিহাস স্মরণ করার দিনে বর্তমান শাসকের এই রাজনৈতিক ভাষ্য ঘিরে তাই নতুন করে প্রশ্ন উঠছে সংবিধানের মর্যাদা রক্ষার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করাই কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?
Modi Constitution day
সংবিধান দিবসেও রাজনৈতিক প্রচার মোদীর, বিরোধীদের বিরুদ্ধে সংরক্ষণ নিয়ে বিভাজনের অভিযোগ
×
Comments :0