চোপড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহে সিপিআই(এম) প্রার্থী মোকলেশ্বর রহমান সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ভোট প্রচারে নেমেছেন। কর্মসংস্থান, বন্ধ চা বাগান পুনরায় চালু এবং সবার জন্য উপযুক্ত শিক্ষার দাবিকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।
মঙ্গলবার সেওগছ, চাতরাগছ ও বোধিগছ এলাকায় প্রচারে গিয়ে মোকলেশ্বর রহমান অভিযোগ করেন, শাসক দলের অদূরদর্শী নীতি ও দুর্নীতির জেরে চোপড়ার একাধিক চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে। এর ফলে হাজার হাজার শ্রমিক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি দাবি করেন, এই বাগানগুলি শাসক দলের প্রভাবমুক্ত করে শ্রমিকদের স্বার্থে পুনরায় চালু করতে হবে। মানুষ কাজ চায়। শুধু কর্মসংস্থান নয়, শিক্ষার ক্ষেত্রেও তিনি শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার কথায়, ‘‘চোপড়ায় মানসম্মত শিক্ষার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। গরিব ও প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। আমরা চাই সবার জন্য সমান ও উন্নত শিক্ষার ব্যবস্থা।’’
শাসক দলের বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগও তুলেছেন সিপিআই(এম) প্রার্থী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চোপড়ার মানুষকে ভয় দেখিয়ে, দমিয়ে রাখা হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে সেই পরিস্থিতি বদলাচ্ছে। ‘‘মানুষ এখন সাহস করে ঘর থেকে বেরিয়ে আসছেন, নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন- এটাই সবচেয়ে বড় পরিবর্তন। মোকলেশ্বর রহমান আরও অভিযোগ করেন, তৃণমূলের আমলে এলাকায় বালি খাদান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ‘মাফিয়া রাজ’ কায়েম হয়েছে, যার ফলে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি সাধারণ মানুষের জীবিকাও হুমকির মুখে পড়েছে। তিনি দাবি করেন, এই অব্যবস্থা ও দুর্নীতির অবসান ঘটিয়ে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে হবে।
চোপড়ার অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ এখনও সেই ঘটনাগুলি ভুলে যায়নি। ‘‘শহীদের রক্ত বৃথা যেতে পারে না। চোপড়া এবার পরিবর্তনের জন্য প্রস্তুত’’ এই বার্তাই তিনি ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন।
Election 2026 Chopra
মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন চোপড়ার বাম প্রার্থী
×
Comments :0