Ashoknagar ONGC

বাণিজ্যিকভাবে তেল উত্তলন শুরু অশোকনগরে

রাজ্য জেলা

ছবি- সুস্মিত দাস

দীর্ঘ প্রতীক্ষা ও বিভিন্ন পর্যায়ের সফল পরীক্ষার পর অবশেষে অশোকনগর ওএনজিসি প্রকল্প থেকে শুরু হলো বাণিজ্যিক ভাবে তেল পাঠানো। শুক্রবার এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অশোকনগরের মাননীয় বিধায়ক ডাঃ সুময় হীরা, ওএনজিসি’র ডিরেক্টর অব এক্সপ্লোরেশন শ্রী ওমপ্রকাশ সিনহা এবং এমবিএ বেসিন ম্যানেজার শ্রী মানস কুমার নাথ সহ সংস্থার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে তেল ভর্তি ট্যাঙ্কারটি হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। অশোকনগরের এই খনিজ তেলের বাণিজ্যিক সরবরাহ রাজ্যের সার্বিক শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামোয় এক অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। 
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে অশোকনগরের মাটির তলায় তেলের সন্ধান পায় ওএনজিসি কর্তৃপক্ষ এবং গড়ে ওঠে 'অশোকনগর-১ ওএনজিসি প্রকল্প। স্বপ্ন দেখতে শুরু করেন অশোকনগর সহ এই জেলার সাধারণ মানুষ। এরপর ২০২০ সালে ২০ ডিসেম্বর তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অশোকনগরে এসে ওএনজিসি থেকে 'ক্রুড ওয়েল' প্রথম পাঠানোর ব্যবস্থা করেন। তার কিছুদিন পরে অজ্ঞাত কারণে থেমে যায় সমস্ত কাজ, সরকারের উদাসীনতায় কিছুটা জমি-জটেরও কারণে ওএনজিসির কাজকর্ম পুরো বন্ধ হয়ে যায়। গত বছর বিশ্ববাংলা বানিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের পর নতুন করে আশার আলো দেখা দেয় এই ওএনজিসি প্রকল্পে। শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। আশ্চর্যজনক ভাবে তারপরেও প্রকল্পের গতিপথ ছিলো অত্যন্ত শ্লথ। এরইমধ্যে মূল খননকৃত কূপটির মুখ কোনো কারণে অবরুদ্ধ হয়ে পড়ায় সাময়িকভাবে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওএনজিসির প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ারদের দক্ষতায় মাটির প্রায় ২৩০০ মিটার গভীরে মূল কূপ থেকে উত্তর-পূর্ব দিক বরাবর ৯০ ডিগ্রি কোণে খনন চালিয়ে প্রায় ৯৫ মিটার দূরে নতুন করে তেলের স্তরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই সফলভাবে এই তেল উত্তোলন করা হয়েছে। ওএনজিসি কর্তৃপক্ষের অনুমান, নতুন এই কূপে আনুমানিক ১৫ থেকে ২০ কিউবিক মিটার তেল মজুত রয়েছে। এদিন প্রাথমিক পর্যায়ে ১২০০ লিটার তেল উত্তোলন করে হলদিয়ার উদ্দেশ্যে পাঠানো হলো। ওএনজিসি সূত্রে জানা গেছে, অশোকনগরের এই তেলের ‘এপিআই গ্রাভিটি কোয়ালিটি প্রায় ৪০ থেকে ৪১, যা আন্তর্জাতিক মানদণ্ডের (৩৯) সমতুল্য এবং বম্বে হাইয়ের তেলের থেকেও উন্নত মানের। ওএনজিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মোট ছটি কূপ খনন করা হবে, যার চারটিতে রয়েছে তেল এবং দুইটিতে প্রাকৃতিক গ্যাস। তেল উত্তোলনের পাশাপাশি এলাকার পরিকাঠামোগত উন্নয়নেও বড়সড় পদক্ষেপ নিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রকল্পের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তারা। এর পাশাপাশি অশোকনগরের সার্বিক শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক ক্ষেত্রে—যেমন স্থানীয় স্কুল, হাসপাতাল ও আইসিডিএস কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য আরও ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অশোকনগর প্রকল্প থেকে ২০ হাজার লিটার কাঁচা তেল শোধনাগারে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। অশোকনগরের এই প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গ তথা এলাকার অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। আজ থেকেই বিশেষ ট্যাঙ্কারে অশোকনগরের মাটির নিচের খনিজ তেল পৌঁছে যাবে হলদিয়ার তৈল শোধনাগারে। দীর্ঘ আট বছর পর অশোকনগরের এই ওএনজিসি প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন ও ট্যাঙ্কারে করে তেল শোধনাগারে পৌঁছে যাওয়ার ঘটনায় খুশির হাওয়া অশোকনগর জুড়ে। 

Comments :0

Login to leave a comment