ফেসবুক পোস্টের পর কোচবিহার গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য কোচবিহারে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি এলাকার গোঁসাইরহাটে। মৃতের নাম দিলীপ দেবনাথ। কোচবিহারের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুরহাট ভারত কলোনি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তিনি এলাকা ছাড়া ছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা। প্রায় ৩দিন আগে শীতলকুচি গোঁসাইরহাট বাজার সংলগ্ন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন এই দিলীপ দেবনাথ। রবিবার সকালে গোঁসাইরহাট বাজার এলাকায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, মৃত্যুর আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই পোস্টে তিনি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এবং সেই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। পোস্টে তিনি আরও লিখেছেন যে তাঁর মৃত্যুর জন্য উল্লিখিত ব্যক্তিরাই দায়ী। যাদের নামে তিনি অভিযোগ করেছেন এরা প্রত্যেকেই বিজেপির নেতাকর্মী বলে জানা গেছে। এদের মধ্যে সত্যরঞ্জন দাস এক সময় গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান ছিলেন। তবে ফেসবুক পোস্টের সত্যতা এবং সেখানে উত্থাপিত অভিযোগগুলি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
Cooch Behar
ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী কোচবিহারের তৃণমূল নেতা
×
Comments :0