ডিওয়াইএফআই’র মোহনপুর বিভাগীয় সম্মেলনে যাওয়ার পথে আক্রান্ত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন যুবনেতা এবং প্রবীণ সিপিআই(এম) নেতার যাওয়ার পথে বাধা তৈরির চেষ্টা করে বিজেপি’র হুজ্জুতবাজ একটি বাহিনী। সঙ্গে সঙ্গে বিশাল প্রতিরোধে নামে ডিওয়াইএফআই। সংগঠনের নেতা কর্মীরা সাদা পতাকা নিয়ে মিছিল বের করেন।
পরে সংবাদমাধ্যমে মানিক সরকার বলেছেন, বিভাগীয় সম্মেলনে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ডিওয়াইএফআই। বেলা বারোটার মধ্যে পৌঁছানোর কথা ছিল। কালিবাজারে আমাদের কনভয় সম্মেলন স্থলের দিখে যাচ্ছিল। বেশ কয়েকজন পাইলট কার বাধা দিচ্ছে। বুঝলাম যে আমাদের আটকাতে চাইছে।
সরকার বলেন, সিআরপিএফ এবং বিএসএফ ছিল। সরাবার চেষ্টা করছিল। তারপরই দেখলাম কনফারেন্স হল থেকে পতাকা নিয়ে ডিওয়াইএফআই’র কর্মীরা বেরিয়ে আসেন। সে অবস্থায় মাঝখানে দাঁড়িয়ে পড়ে বিএসএফ এবং সিআরপিএফ। সরিয়ে দেয়। ডিওয়াইএফআই কর্মীরা স্লোগান দিয়ে সম্মেলন স্থলে নিয়ে যায়।
মানিক সরকার বলেন, কালীবাজারে ডিওয়াইএফআই কোনও কর্মসূচি করার চেষ্টা করলেই বাধা দেয় বিজেপি। আসলে উত্তেজনার পরিবেশ তৈরি করে সম্মেলন বিঘ্নিত করার চেষ্টা ছিল। তবে তা পারেনি। শোশাল মিডিয়ায় এই বক্তব্য পোস্ট করেছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি’র তীব্র নিন্দা করে বলেন, কী করে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘোষিত কর্মসূচিতে যোগ দেওয়ার পথে এতক্ষণ ধরে বাধা দেওয়া যায়।
Comments :0