MEA Bangladeshi

দ্বিপাক্ষিক বোঝাপড়া মেনে ফেরানো হবে বাংলাদেশিদের, জানালো দিল্লি

জাতীয়

শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল

বাংলাদেশকে ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখার জন্য চিঠি পাঠানো হয়েছে। তার মধ্যে কয়েকটি পাঁচ বছর ধরে পড়ে রয়েছে। বাংলাদেশকে বক্তব্য দ্রুত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী বাংলাদেশ বক্তব্য জানানোর পর ধৃতদের সীমান্তের ওপারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্দেহভাজন বাংলাদেশিদের ধরে সরাসরি বিএসএফ’র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন পুলিশকে। বিএসএফ সরাসরি সন্দেহভাজনদের পাঠিয়ে দেবে সীমান্তের ওপারে। এই জোর করে ঠেলে পাঠানোর নীতিকেই বলা হচ্ছে ‘পুশ ব্যাক’। 
তবে এদিন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সরকারি বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্পষ্টভাবে সমর্থন করা হয়নি। 
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে বিভিন্ন জনকে আটক করে ‘পুশ ব্যাক’ করার চেষ্টা হয়েছে। নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও এই প্রয়াস আদালতে প্রশ্নের মুখে পড়েছে। 
পাশাপাশি বাংলাদেশ সম্প্রতি ঘোষণা করেছে যে ‘পুশ ব্যাক’ ঠেকাতে ভারত সীমান্তে কড়া নিরাপত্তা জারি থাকছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নজরদারি কড়া করার ঘোষণা করেছে। সীমান্ত এলাকায় মাইক প্রচার করে বাংলাদেশের সীমান্ত এলাকার নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। ফলে নতুন করে দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 
আন্তর্জাতিক বোঝাপড়া অনুযায়ী ভারতে বিদেশ চিহ্নিতকরণে আইন রয়েছে। সন্দেহভাজকে বিচার প্রক্রিয়ার সামনে হাজির করাতে হয়। সংশ্লিষ্ট দেশেও তথ্য পাঠাতে হয়। 
এই আবহেই আগামী শনিবার, ৩০ মে, ভারতে আসছেন বার্মার রাষ্ট্রপতি। থাকছেন ২ জুন পর্যন্ত। পশ্চিমবঙ্গে তো বটেই ভারতেও বার্মা থেকে ধর্মীয় হিংসার কারণে উচ্ছেদের শিকার রোহিঙ্গাদের নিয়ে প্রচার চালিয়েছে কেন্দ্রের সরকারে আসীন বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারীও রোহিঙ্গা অনুপ্রবেশের প্রচার করেছেন। এমনকি এসআইআর-কে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের থেকে মুক্ত করার জন্য বলেও প্রচার চলেছে। নির্বাচন কমিশন যদিও জানাতে পারেনি অবৈধ অনুপ্রবেশকারী কতজনকে ধরা গিয়েছে এই প্রক্রিয়ায়।
এদিন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে যে বার্মা থেকে আসা উদ্বাস্তুদের প্রসঙ্গে সেদেশের রাষ্ট্রপতির বিদেশ সফরে ভারত তুলবে কিনা। তবে জয়সোয়াল বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বার্মার রাষ্ট্রপতির। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক গভীর করার ওপর জোর দেওয়া হবে।‘‘
চলতি সপ্তাহেই বেজিঙে ভারত-চীন সমন্বয় ও সহযোগিতা সংক্রান্ত ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে। আলোচনাকে ‘ইতিবাচক‘ আখ্যা দিয়েছে বিদেশ মন্ত্রক।

Comments :0

Login to leave a comment