I-PAC ED

ভোটের আগে আই-প্যাকের আরেক কর্তাকে দিল্লিতে তলব ইডি’র, জেরা কাল

জাতীয় রাজ্য

তৃণমূল কংগ্রেসের ‘ভোট ম্যানেজার‘ সংস্থা আই-প্যাকের অন্যতম ডিরেক্টর ঋষি রাজ সিং-কে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাওলার মাধ্যমে বেআইনি অর্থ পাচারের মামলায় জেরা করা হবে।
প্রতীক জৈন, বীণেশ চান্ডেল এবং ঋষি রাজ সিং এখন সংস্থার ডিরেক্টর পদে আসীন। ইডি’র এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানাচ্ছে যে হাওয়ালা লেনদেনের অর্থ কোনও রাজনৈতিক দলের কিনা তা-ও জানতে চাওয়া হবে। দিল্লিতে ইডি জেরার জন্য ডেকেছে ঋষি রাজকে। অর্থ পাচার রোধ আইনে তাঁর বয়ান নথিভুক্ত করা হবে। গত ২ এপ্রিল বেঙ্গালুরুতে এই ঋষি রাজের বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি। 
গত ১৩ এপ্রিল চান্ডেলকে গ্রেপ্রার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। কয়লা পাচার কেলেঙ্কারি মামলার তদন্তে এই জিজ্ঞাসাবাদ বলে জানিয়েছে ইডি। ৫০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। দিল্লি পুলিশের দায়ের পুরনো এফআইআর’র পরিপ্রেক্ষিতে এই তল্লাশিতে যদিও ‘ভোটের আগে’ কেন্দ্রীয় সংস্থার রুটিন নড়াচড়া মনে করছে বড় অংশ। 
ইডি আই-প্যাক মামলায় গত ৮ জানুয়ারি কলকাতা এবং সেক্টর ফাইভে তল্লাশি চালায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তল্লাশির মাঝে ঢুকে পড়ে ফাইল ছিনতাই করেন। কয়লা কেলেঙ্কারি মামলাতেও কেন্দ্রীয় সংস্থা কিনারা করতে পারেনি। রাজ্যে তৃণমূলের কোনও কেলেঙ্কারিতেই অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে পারেনি ইডি বা সিবিআই। বাংলার রাজনীতিতে ‘সেটিং’-র অভিযোগ জোরালো। সেই সময়ে ইডি-র তলব আরেক আই-প্যাক কর্তাকে।

Comments :0

Login to leave a comment