ফের একবার ইরানে বসবাস করা ভারতীয়দের সতর্ক করে নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস। ইরানে মার্কিন সামরিক আগ্রাসন শুরু হতে পারে যে কোনও সময়। সেই সঙ্গে গত শনিবার থেকে ফের শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। এই অবস্থায় ‘যত দ্রুত সম্ভব‘ ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হয়েছে।
ভারতীয় দূতাবাস বলেছে, "বাণিজ্যিক বিমান সহ ব্যবহার করা সম্ভব এমন যে কোনও পরিবহণের মাধ্যমে ইরান ত্যাগ করতে" অনুরোধ করেছে। শিক্ষার্থী, দর্শনার্থী, ব্যবসায়ী, পর্যটক সহ বর্তমানে যারা ইরানে রয়েছেন সকলের ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকাটিতে বলা হয়েছে, " ১৪ জানুয়ারি ২০২৬ সালের নির্দেশিকারই পরের অংশ এটি। সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। বিক্ষোভ দেখলে তা এড়িয়ে চলা উচিত। ইরানে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখা উচিত।"
ইরানে বসবাসকারী ভারতীয়দের তাদের ভ্রমণ এবং অভিবাসন সংক্রান্ত নথিপত্র, যেমন পাসপোর্টের মতো পরিচয়পত্র সব সময়ই নিজেদের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ভারতীয় দূতাবাসের তরফে জরুরি নম্বর এবং ইমেলও জারি করেছে: +989128109115; +989128109109; +989128109102; +989932179359. ইমেল: cons.tehran@mea.gov.in ।
পাশাপাশি, ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করে রাখার জন্য বলা হচ্ছে।
এর আগে জানুয়ারিতে সরকার বিরোধী সমাবেশে নিহতদের স্মরণে ইরানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। ফের শনিবার ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই পরামর্শ দেওয়া হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার রাজধানী তেহরানের পাঁচটি এবং মাশহাদ শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে।
সংবাদমাধ্যম এএফপি'র সম্প্রচারিত শরিফ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের একটি ভিডিওতে দেখা গেছে যে সরকার বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে স্লোগান এবং পতাকা দেখা হয়েছে।
পাশাপাশি, বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পরমাণু আলোচনা বৈঠক হবে। ওমানের বিদেশ মন্ত্রী বদর আল-বুসাইদি এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওমান আগেও ইসলামিক সাধারণতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আয়োজন করেছিল এবং গত সপ্তাহে এই বিষয়ে জেনেভায় আগের দফার আলোচনারও আয়োজন করেছিল।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের দিকে সামরিক বিমানের চলাচল বাড়িয়েছে, কারণ ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা এখনও ভঙ্গুর অবস্থাতেই রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় যে বিমান থেকে কর্মী, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম পরিবহণের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
Indians to leave Iran
ভারতীয়দের দ্রুত ইরান ছাড়তে বলল দূতাবাস
×
Comments :0